শেরপুরে লেবুবাগান থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
শেরপুরের সদর উপজেলায় লেবুবাগান থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সুবর্ণেরচর গ্রামের একটি লেবুবাগানে লাশটি পড়ে ছিল। নিহত নাইম মিয়া (১৪) ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে। সে ঘুঘুরাকান্দি মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও নিহত ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে নাইম খেলাধুলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও নাইমকে পাননি। এরপর আজ বুধবার বেলা ১১টার দিকে এলাকার কয়েকজন ব্যক্তি সুবর্ণেরচর গ্রামের একটি লেবুবাগানে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে আশপাশের অনেক মানুষ লেবুবাগানে এসে ভিড় জমান।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শেরপুরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নিহত নাইমের লাশের সুরতহাল প্রতিবেদনে দুই কান দিয়ে রক্ত বের হতে এবং মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নাইমকে হত্যা করে লাশ লেবুবাগানে ফেলে গেছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ।