রাজশাহীতে ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলায় ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে পবা উপজেলার কাটাখালী থানাধীন মোসলেমের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও পথচারী রিনা বেগম (৫০)। এর মধ্যে রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা আর রিনা বেগমের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগরে। তিনি রাজশাহীতে বোনের বাড়ি যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রীবাহী ভ্যানটি কাটাখালী থেকে রাজশাহী আম চত্বরের দিকে যাচ্ছিল। ভ্যানটি মোসলেমের মোড়ে পৌঁছালে পাশের ছোট রাস্তা থেকে একটি অটোরিকশা মহাসড়কে ওঠে। এ সময় ওই ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানচালক রাহাত আলী ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিনা বেগম গুরুতর আহত হন। পরে তাঁদেরকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তাঁদের মৃত্যু হয়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার পর অটোরিকশাচালক পলাতক। তবে অটোরিকশাটি পুলিশি হেফাজতে আছে। এ ঘটনায় রাহাতের বড় ভাই থানায় মামলা করেছেন। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।