উদ্ধারের পর বিজিবির কাছে মহিষ দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের উদ্ধার করা মহিষ ও বাচ্চা। সঙ্গে মালিকানা দাবি করা সেন্টু। মঙ্গলবার গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে
ছবি: শহীদুল ইসলাম

রাজশাহীর গোদাগাড়ী থেকে পদ্মার স্রোতে ভেসে যাওয়া ১৬টি মহিষের মধ্যে ১টি নিলামে তোলা হয়নি বলে দাবি করেছিলেন মহিষগুলোর মালিকানা দাবিকারী সেন্টু। সেই মহিষটির নাম ফুরকানি। যেখানেই থাকুক, মহিষটির বাচ্চা হবে। এ জন্য তিনি গোদাগাড়ী প্রেমতলী পুলিশ ফাঁড়িতে লিখিক অভিযোগও করেছিলেন।

সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার এক কৃষকের বাড়ি থেকে বাচ্চাসহ মহিষটি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর বাচ্চাসহ মহিষটিকে বিজিবির হাতেই তুলে দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, মহিষ যে ওই ব্যক্তির, তার কোনো প্রমাণ নেই।

রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার নীলবোনা গ্রামের সেন্টু বলেন,গত ৭ সেপ্টেম্বর রাতে পদ্মার স্রোতে তাঁর ১৬টি মহিষ ভেসে যায়। পরের দুই দিনে রাজশাহীর চারঘাট ও বাঘা এলাকায় পদ্মা নদীর ভাটি থেকে মহিষগুলো উদ্ধার করে বিজিবি। সেগুলো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের গুদামে পাঠানো হয়।

খোঁজ পেয়ে প্রমাণপত্রসহ মহিষগুলো নিজের বলে দাবি করেন সেন্টু। তাঁর কাছে মহিষের জন্মনিবন্ধনের প্রমাণপত্র, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যের প্রত্যয়নপত্র ছিল। তবে তদন্ত কমিটি সেগুলো আমলে নেয়নি। তারা ১৫টি মহিষ নিলামে তোলে। তখন সেন্টু দাবি করেছিলেন, একটি মহিষ নিলামে তোলা হয়নি।

আজ মঙ্গলবার দুপুরে গোদাগাড়ীর প্রেমতলী থানায় গিয়ে দেখা গেছে, সেন্টু মহিষটির গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। মহিষটি তাঁর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ফুরকানি বলে ডাক দিতেই মহিষটি সেন্টুর দিকে তাকাচ্ছে।

সেন্টু প্রথম আলোকে বলেন, মহিষটি তাঁর গ্রামে নিয়ে ছেড়ে দিলে ঠিকই তাঁর বাড়িতে চলে যাবে। যদি না যায়, তাহলে তিনি মহিষের দাবি ছেড়ে দেবেন। তিনি মহিষটির খবর পেয়ে পুলিশকে জানান। তারপর প্রেমতলী ফাঁড়ির পুলিশ মহিষটিকে উদ্ধার করে নিয়ে আসে। তিনি বলেন, মহিষটি গোদাগাড়ীর জলহর গ্রামের কৃষক ফারুকের বাড়ি থেকে উদ্ধার করা হয়। তিনি মহিষটি পবা উপজেলার দামকুড়া গ্রামের পিয়ারুলের কাছ থেকে কিনেছেন। পিয়ারুল তাঁকে জানিয়েছেন, মহিষটি তিনি বিজিবির কাছ থেকে কিনেছেন।

বিকেলে প্রেমতলী থানায় বিজিবি সদস্যদের দেখা যায়। সেন্টুর দাবির বিষয়ে জানতে চাইলে তাঁরা কোনো বক্তব্য দিতে চাননি। কিছুক্ষণ পর বাচ্চাসহ মহিষটি বিজিবির হাতেই তুলে দেওয়া হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিজিবি বলছে, মহিষটি তাদের। তাই তিনি মহিষটি তাদের হাতে তুলে দিয়েছেন। কামরুল আরও বলেন, বিজিবি যাঁর কাছে বিক্রি করেছিল, মহিষ তাঁকে দেবে। আর সেন্টুর হারানো একটি মহিষ তিনি পাননি। তাই তিনি প্রেমতলী ফাঁড়িতে অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই মহিষটি উদ্ধার করা হয়েছিল। কিন্তু মহিষ যে সেন্টুর, এ বিষয়ে তাঁর কাছে কোনো প্রমাণ নেই। শুধু দাবি করলেই তো হবে না। প্রমাণ দিতে হবে। সেন্টু সেই প্রমাণ দিতে পারেননি।