‘ভোট দিতেই যাব না’ জানিয়ে শরীয়তপুরে ছাত্রলীগের কর্মসূচির ভিডিও ফেসবুকে

মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছেছবি: ফেসবুক ভিডিও থেকে সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় রাতের আঁধারে মশালমিছিল ও দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে কার্যক্রম–নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওগুলোর একটি ১ মিনিট ৬ সেকেন্ডের, যেখানে মশালমিছিল দেখা যায়। অন্যটি ৪৪ সেকেন্ডের, যেখানে দেয়ালে পোস্টার লাগানোর দৃশ্য আছে।

জেলা ছাত্রলীগের পলাতক নেতা-কর্মী ও সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের কয়েকজনের ফেসবুক পেজ থেকে ভিডিও দুটি ছড়ানো হয়। ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’ নামের ছাত্রলীগের একটি ভেরিফায়েড ফেসবুক পেজেও গতকাল মঙ্গলবার রাতে ভিডিও দুটি প্রকাশ করা হয়।

একটি ভিডিওতে দেখা যায়, কিছু তরুণ মুখে মাস্ক পরে জাজিরা উপজেলা সদর ও বিকেনগর এলাকার বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছেন। পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি আছে। সেখানে লেখা রয়েছে—‘নো ব্যালট, নো ভোট। কিসের হ্যাঁ, কিসের না। ভোট দিতেই যাব না। বাংলাদেশ ছাত্রলীগ, শরীয়তপুর জেলা শাখা।’

আরেকটি ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ২০ জন তরুণ জ্বলন্ত মশাল হাতে একটি সড়কে মিছিল করছেন। এ সময় তাঁরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে স্লোগান দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘ভিডিওটি আমরা এখনো দেখিনি। তবে পুরোনো ঘটনা হতে পারে। ভিডিও হাতে এলে কারা এ ঘটনা ঘটিয়েছে তাঁদের শনাক্ত করার চেষ্টা করা হবে।’