আনসার সদস্যকে পেটালেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সেই বিতর্কিত ছাত্রলীগ নেতা মো. রিয়াজুল ইসলাম ওরফে জয়ের বিরুদ্ধে এবার হাসপাতালের আনসার সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগের এই নেতা এক মাস ধরে ১৬ নম্বর মেডিসিন বিভাগে ইন্টার্ন করছেন। তাঁর পছন্দমতো ওষুধ বিক্রয় প্রতিনিধিকে ওয়ার্ডে ঢুকতে না দেওয়ায় আনসার সদস্য মো. জান্নাতকে আজ রোববার দুপুর ১২টার দিকে মারধর করা হয়।

এর আগে গত বছরের ৮ ফেব্রুয়ারি চমেক প্রধান ছাত্রাবাসে রিয়াজুলসহ ছাত্রলীগের কয়েকজন নেতা চার সাধারণ ছাত্রকে বেদম মারধর করেছিলেন। ওই বছরের ১৬ মার্চ এ ঘটনায় জড়িত সাত ছাত্রকে একাডেমিক কাউন্সিল বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে। কিন্তু এক বছর না যেতেই রিয়াজুল তাঁর অপরাধের জন্য ক্ষমা পেয়ে যান। তিনি এমবিবিএস চূড়ান্ত পেশাদার পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন। এরপর ইন্টার্ন শুরু করেছেন।

১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে রিয়াজুলের বিরুদ্ধে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। তিনি তাঁর পছন্দের বাইরে কাউকে ওয়ার্ডে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর ১২টায় ওয়ার্ডের ফটকে কর্তব্যরত আনসার সদস্য জান্নাতকে মারধর করেন।

এ ঘটনায় ভুক্তভোগী জান্নাত ও প্রত্যক্ষদর্শী মো. আমিন পরিচালক বরাবর ঘটনার লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে জান্নাত অভিযোগ করেন, ফটকে কর্তব্য পালনের সময় রিয়াজুল উপস্থিত হয়ে জান্নাতের উদ্দেশে দুপুর ১২টার দিকে বলেন, ‘প্রতিনিধি, আমি যাকে বলব, তাকে যেন ঢুকতে দেওয়া হয়।’ ঊর্ধ্বতন চিকিৎসকেরা বেলা একটার পর ওষুধ বিক্রয় প্রতিনিধিদের ওয়ার্ডে ঢুকতে দেওয়ার নির্দেশনার কথা জানালে জান্নাতের ওপর রিয়াজুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর জান্নাতকে থাপ্পড় দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কয়েকবার ফোন করা হলেও রিয়াজুল ইসলাম ফোন ধরেননি।

জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্র বহিষ্কৃত ছিল। পরে হয়তো পরীক্ষা দিয়েছে। এখন তার পছন্দমতো নাকি ওষুধ বিক্রয় প্রতিনিধি ওয়ার্ডে ঢুকবে। এ নিয়ে সে আনসার সদস্যের গায়ে হাত তোলে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি শৃঙ্খলা কমিটিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। আনসার সদস্য লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’