রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের সবাই জয়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল জয়ী হয়েছে। বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেলের কোনো প্রার্থী জয় পাননি। আজ সোমবার রাতে নির্বাচন পরিচালক অধ্যাপক মো. কামরুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।
এক বছরের জন্য শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) থেকে বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী। তিনি ভোট পেয়েছেন ৪৯৯টি। বিএনপি ও জামায়াত–সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল) থেকে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুজ্জামান পেয়েছেন ৩৮৮ ভোট। হলুদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী ৫১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম সাদা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লোকপ্রশাসন বিভাগের পারভেজ আজহারুল হক পেয়েছেন ৩৭৭ ভোট।
এ ছাড়া হলুদ প্যানেল থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মাসি বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ, কোষাধ্যক্ষ পদে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এম এ ছালাম, যুগ্ম সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুলতান মাহমুদ নির্বাচিত হয়েছেন।
হলুদ প্যানেল থেকে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—জাকির হোসেন, সুভাষ চন্দ্র সুতার, আবদুল্লা আল-মামুন ভূঞা, মোছা. নাজনীন আকতার, সারওয়ার আলী, আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান, মোছা. সাবিনা ইয়াছমীন, অমিতাভ সাহা, মো. রাশেদ আলম এবং এম রফিকুল আহসান।
এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৬৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৯৩৬ জন।
শিক্ষক সমিতি নির্বাচনে কর্মকর্তা পদ ৫টি ও সদস্য পদ রয়েছে ১০টি। মোট ১৫ পদের জন্য দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০ জন প্রার্থী। একজন ভোটারকে ১৫টি ভোট দিতে হয়েছে।
নির্বাচন পরিচালক অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পরে রাত সাড়ে আটটার দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে হলুদ প্যানেল থেকে সবাই নির্বাচিত হয়েছেন।