কুমিল্লায় জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এল বিএনপি ও ‘বিবেক’

খাল খনন কর্মসূচিতে বিএনপির নেতারা। আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরের শুভপুর এলাকায়ছবি: প্রথম আলো

কুমিল্লা নগরের শুভপুর ও শহরতলির চানপুর এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। একটু বৃষ্টি হলেই বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। পানি নামার খাল-নালাগুলো অনেকটা বন্ধ হয়ে থাকায় জলাবদ্ধতা রূপ নিয়েছে দীর্ঘদিনের ভোগান্তিতে। এই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে কুমিল্লা মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’।

আজ বৃহস্পতিবার বিএনপি ও বিবেকের যৌথ উদ্যোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে নগরের শুভপুর ও সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চানপুর এলাকায় নালা ও খাল পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা এ কর্মসূচির উদ্যোক্তা। উদ্বোধনের সময় আমিন-উর-রশিদ ও ইউসুফ মোল্লাসহ বিএনপির নেতারা কোমরসমান ময়লা পানিতে নেমে খাল পরিষ্কারে অংশ নেন। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও বিবেকের স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন।

আজ সকালে প্রথমে শুভপুর এলাকার নালা পরিষ্কার কার্যক্রম উদ্বোধনের পর চানপুর পুলের মাথা থেকে ইন্দুপাড়া খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়।

স্থানীয় লোকজন জানান, খাল দখল ও দীর্ঘদিন ধরে খনন না করায় কুমিল্লা নগরের ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর ও পাঁচথুবী ইউনিয়নের চানপুর এলাকাবাসী বছরের বেশির ভাগ সময় জলাবদ্ধতায় ভোগেন। এসব এলাকায় একদিন বৃষ্টি হলে সপ্তাহ শেষেও পানি নামে না। এমন দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ছিল। এমন সময় বিএনপি ও বিবেকের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।