ফরিদপুরে কারামুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন, পথে বাস থেকে নামিয়ে কুপিয়ে জখম
ফরিদপুরে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে বাস থেকে নামিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার জেরে অভিযুক্ত হামলাকারীর গ্রামের বাড়িতে পাল্টা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাত আটটার দিকে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মহসিন মোল্লা (৪৫)। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের বাসিন্দা। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন মোল্লা একটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। গতকাল আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে ভাঙ্গাগামী বাস থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাঁকে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির বক্তব্য নেয়। ঘটনার সূত্র ভাঙ্গা উপজেলার চরকান্দা গ্রামে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
স্থানীয় সূত্র জানায়, চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রব মোল্লা ও বুলু মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আহত মহসিন মোল্লা রব মোল্লার সমর্থক।
এদিকে হামলার খবর গ্রামে ছড়িয়ে পড়লে তারাবির নামাজ শেষে চরকান্দা গ্রামে বুলু মোল্লার সমর্থকদের চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে মহসিন মোল্লার সমর্থকেরা। এ সময় নারী-পুরুষসহ অন্তত পাঁচজন আহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।