দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় চিত্রকর্ম ও লেখা আহ্বান
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২৬ আয়োজন করা হয়েছে। এতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। সংশ্লিষ্টদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে রচনা ও চিত্রকর্ম পাঠানোর আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
আজ শনিবার দুপুরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম দশজনকে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই বিশেষ ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক ২০২৬’ প্রদান করা হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশটি লেখা ও চিত্রকর্ম নিয়ে স্মারকগ্রন্থ ‘ত্বকী’ প্রকাশিত হবে।
রচনা প্রতিযোগিতায় পঞ্চম থেকে সপ্তম শ্রেণি শিক্ষার্থীদের জন্য ‘ক’ বিভাগের বিষয় ‘আমার স্কুল’ (৩০০ শব্দের মধ্যে), অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় ‘শিশু নির্যাতন চাই না’ (৬০০ শব্দের মধ্যে), কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ (১৫০০ শব্দের মধ্যে)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগের বিষয় উন্মুক্ত, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় ‘উন্মুক্ত’, সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীর প্রতিকৃতি’। চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত। কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০ গুণ ১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি আঁকতে হবে।
রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬। স্পষ্ট অক্ষরে খামের ওপর নাম, ঠিকানা, শ্রেণি এবং ফোন নম্বর লিখে এর সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে পাঠাতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের ছবির পেছনে সুস্পষ্টভাবে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে।
লেখা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা: দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা–২০২৬, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস কে রোড, নারায়ণগঞ্জ। যোগাযোগের নম্বর: ০১৭১১৬৯৩৭৫৭, ০১৪০৮৭০৭৭৬৭ এবং ই–মেইল: [email protected]