পুলিশকে ‘চোর–ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে মব তৈরি করে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিকেলে এই বহিষ্কারাদেশ দেয় জেলা বিএনপি।

বহিষ্কৃত ওই নেতার নাম আফসর হোসেন। তিনি উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কানাইঘাট উপজেলার সহসাংগঠনিক সম্পাদক সাঈদ রানাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়েছিল। তিনি নভেম্বরে কানাইঘাটে দুটি মিছিলে অংশ নেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা আছে।

বিএনপি নেতারা নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করছেন। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, স্থানীয় পুলিশ গতকাল রোববার রাতে কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকায় মুলাগুল বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযান চলাকালে বিএনপির ওই নেতা পুলিশের বিরুদ্ধে ‘মব তৈরি করে’ আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নেন।

আমি পুলিশ সদস্যদের চা খাইয়ে আন্তরিকতার সঙ্গে বিদায় দিই। এটাই আমার জন্য সমস্যা হয়ে গেছে। কাউকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিইনি, কোনো কটু আচরণ করিনি। অথচ শুনছি আমাকে বহিষ্কার করা হয়েছে। ঠিক বুঝলাম না, আমার সঙ্গে কেন এমনটা করা হলো?
—আফসর হোসেন, সদস্য, কানাইঘাট উপজেলা বিএনপি

এমরান আহমদ বলেন, ‘পরে বিষয়টি পুলিশ আমাদের জানায়। প্রাথমিকভাবে তদন্ত করে ওই ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই তাৎক্ষণিকভাবে বিএনপির ওই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরে বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিকেলে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলমের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

যোগাযোগ করা হলে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ জানান, কানাইঘাট থানার তিনজন পুলিশ সাদাপোশাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যকে ধরতে অভিযান চালায়। এ সময় অনেকে সংঘবদ্ধভাবে পুলিশ সদস্যদের ‘চোর, ডাকাত’ বলে ঘিরে ধরে আসামিদের ছিনিয়ে নেয়। পরে আজ সকালে ওই ঘটনায় বিএনপি নেতা আফসর হোসেনের ইন্ধন রয়েছে বলে জানা যায়। তাই তাঁকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাঁর এক সৎভাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আফসর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় রাত আটটা বা সাড়ে আটটা হবে। আমি বাড়িতে ছিলাম, বাজারে ছিলাম না। যখন বাজারে যাই, তখন শুনতে পাই চায়ের দোকানে ছাত্রলীগের দুই-চারজন বসা ছিলেন। পুলিশ দেখে দৌড়ে চলে গেছেন। পরে বাজারের লোকজন হইহুল্লোড় করেছেন। পুলিশ সদস্যদের পরিচয় জেনে আমি সবাইকে শান্ত করি।’

আফসর হোসেন বলেন, ‘আমি পুলিশ সদস্যদের চা খাইয়ে আন্তরিকতার সঙ্গে বিদায় দিই। এটাই আমার জন্য সমস্যা হয়ে গেছে। কাউকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিইনি, কোনো কটু আচরণ করিনি। অথচ শুনছি আমাকে বহিষ্কার করা হয়েছে। ঠিক বুঝলাম না, আমার সঙ্গে কেন এমনটা করা হলো?’