সিঙ্গাইরে ডিবির অভিযানে হামলায় পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৯
মানিকগঞ্জের সিঙ্গাইরে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের ওপর হামলা করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলার ঘটনায় শুক্রবার সকালে এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিঙ্গাইর থানায় পৃথক দুটি মামলা করেন। একটি মামলা হয়েছে লাবলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। আরেকটি মামলা পুলিশের ওপর হামলার অভিযোগে। এতে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চর উলাইল গ্রামের মো. আজিমুদ্দিন (৬৫), আমিনুর রহমান (২৭), অন্তর মিয়া (২০), পূর্ণিমা বেগম (২০), শাবানা আক্তার (২৬), জাহানারা আক্তার (২৩), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ (২৬)।
আহত জেলা ডিবি পুলিশের তিন সদস্য হলেন এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সিঙ্গাইর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর উলাইল গ্রামে অভিযানে যান ডিবি পুলিশের এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল রেজাউল করিম ও হাসান আলী। অভিযানে ওই গ্রামের লাবলু মিয়াকে ২০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়। ফেরার পথে লাবলুর আত্মীয়স্বজন ও স্থানীয় কয়েকজন পুলিশ সদস্যের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় তাঁরা লাবলুকে ছিনিয়ে নেন। হামলায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী আহত হন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের হামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। লাবলুসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।