রূপগঞ্জে বিএনপির সভায় আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির একাংশের সভায় হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে বিএনপির অভিযোগ। এ ঘটনায় বিএনপির অন্তত ৯ জন নেতা–কর্মী আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব হাসান, কাঞ্চন পৌরসভা যুবদল নেতা খায়রুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আহমেদ, ভোলাব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল মিয়া, উপজেলা যুবদল নেতা শাহাদাত হোসেন, আমির হামজা, ফরহাদ ভূইয়া, নূর হাসান।

সভার আয়োজকদের একজন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম। প্রথম আলোকে তিনি বলেন, জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের সমর্থকেরা শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিণা নদীর পার এলাকায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শরীফ আহমেদের সভাপতিত্বে কাজী মনিরুজ্জামান প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদসহ বিএনপি ও এর সংযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

আবু মোহাম্মদ মাসুম বলেন, দুপুরে সভা শেষে বিএনপির নেতা–কর্মীরা চলে যাচ্ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. হোসেন ও জেলা ছাত্রলীগ নেতা আশফাকুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা–কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতা–কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে বিএনপির অন্তত ৯ জন নেতা–কর্মী আহত হন। হামলাকারীরা অনুষ্ঠানস্থলে থাকা চেয়ার–টেবিল ও মঞ্চ ভাঙচুর করেন।

এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আশফাকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, বিএনপি নেতারা আলোচনা সভার নামে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীরা এর প্রতিবাদ করেন। পরে বিএনপি নেতা–কর্মীরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে আমরা তাঁদের ধাওয়া দেই।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের ঘটনার ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ এখনো কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।