কক্সবাজারের ‘কটেজ জোন’ নিরাপদ করতে ট্যুরিস্ট পুলিশের ৮ সিদ্ধান্ত
কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন সাংস্কৃতিক কেন্দ্রের সামনে স্মরণ হাউজিং সোসাইটিতে ১৩০টি আবাসিক কটেজ নিয়ে গড়ে ওঠে ‘কটেজ জোন’। ছুটিতে যখন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটে, তখন কটেজ জোনের ব্যবসা চাঙা হয়। সঙ্গে বাড়ে মাদক বিক্রি ও সেবন, লোকজনকে অপহরণ ও মুক্তিপণ আদায়, সন্ত্রাসীদের আড্ডা-চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ড।
কটেজ জোনকে মাদক, অপরাধ, সন্ত্রাসী ও অপরাধী মুক্ত করে উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে কটেজমালিকদের সঙ্গে বৈঠক করে ট্যুরিস্ট পুলিশ। বৈঠকে ৬১ জন কটেজমালিক ও ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
কটেজমালিকদের উদ্দেশে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান বলেন, ‘আপনারা সবাই ধর্ম বিশ্বাস করেন। তাহলে কটেজে কেন অনৈতিক কাজ চালান। এই আয়ের টাকা দিয়ে কী করবেন? কটেজ জোন কেন মাদক আর অপরাধীদের আখড়া হবে? পর্যটকেরা কেন বেড়াতে এসে অপকর্মের শিকার হবেন? এখন থেকে এসব বাদ দিতে হবে। পর্যটনের স্বার্থে কটেজ জোনের পরিবেশ সুরক্ষিত করতে হবে। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সব কটেজে তালা ঝুলবে।’
কটেজমালিকদের উদ্দেশে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘কোনো কটেজের যেহেতু বৈধ লাইসেন্স কিংবা সরকারি অনুমোদন নেই, সেহেতু ব্যবসা ঠিকঠাকমতো করতে হবে। অন্যথায় ব্যবসা যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনারা সংশোধন হলে কটেজ জোনে সুন্দর পরিবেশ বিরাজ করবে। তখন পর্যটক ধরে আনতে হবে না, এমনিতেই চলে আসবে।’
বৈঠকে সি এঞ্জেল কটেজের মালিক সিরাজুল ইসলাম ও শিকদার কটেজের মালিক বাবুল সিকদার বলেন, অসাধু কয়েকজন ব্যবসায়ীর জন্য পুরো কটেজ জোনের বদনাম হচ্ছে। অনেকে দালালনির্ভর অনৈতিক ব্যবসা পরিচালনা করছেন। পর্যটকদের হয়রানিসহ ব্ল্যাকমেলের সঙ্গে জড়িত। এ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বখাটে ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান তাঁরা।
বৈঠকে কটেজ জোনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ২০ দিনের মধ্যে ৮টি শর্ত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। শর্তগুলো হলো কটেজ জোনের ৪টি প্রবেশপথসহ ২৯টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, মাদক বিক্রি, অনৈতিক ও অপরাধমূলক কাজ বন্ধ, কটেজের স্টাফদের পরিচয়পত্র প্রদান, পর্যটক ছাড়া বাইরের লোকজনের প্রবেশাধিকার সংরক্ষণ, সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) কটেজ জোনে অবস্থান নিষিদ্ধ, প্রতিটি কটেজের সামনে সাইনবোর্ড ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, রাত ১২টার পর কটেজ জোনে তিনটি প্রবেশপথের গেট তালাবদ্ধ রাখা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা জন্মনিবন্ধন সনদ দেখেই অতিথিকে কক্ষ বরাদ্দ দেওয়া।