নাটোরে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সকালে বাড়ির আঙিনায় খেলছিল দুই ভাই। দুপুরে তাদের সেখানে না পেয়ে খুঁজতে খুঁজতে পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়। আজ শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
মৃত তামিম হোসেন (১২) ও ফাহিম হোসেন (১৩) সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামের প্রবাসী আবদুল মমিনের ছেলে।
সিংড়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও ফাহিম সকালে বাড়ির আঙিনায় খেলতে যায়। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় ছেলেদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী ছিদ্দিক আলী জানান, তামিম ও ফাহিম মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। দুই ভাই একসঙ্গেই বেড়াত, খেলত। তাদের মৃত্যুও একসঙ্গেই হলো।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুই শিশুর মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের সদস্যরা তাদের দাফনের ব্যবস্থা করছেন।