জয়পুরহাটে হত্যা মামলায় ইউপি সদস্যসহ ৪ আসামির যাবজ্জীবন
জয়পুরহাটে একটি হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—আকরাম সাখিদার (৪৮), মুক্তার হোসেন (২৮), এনজার হোসেন (৪২) ও এনামুল হক (৪০)। এর মধ্যে মুক্তার হোসেন রায়কালী ইউনিয়ন পরিষদের সদস্য। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ অক্টোবর সকালে পূর্বশত্রুতার জেরে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁ পাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে আক্কেলপুর থানায় পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আক্কেলপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন ২০০৭ সালের ৩০ নভেম্বর ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। তবে মামলা বিচারাধীন অবস্থায় একজন আসামি মারা যান। দীর্ঘ শুনানি শেষে অবশেষে আজ বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খাঁন প্রথম আলোকে বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।