ইজিবাইক নিয়ন্ত্রণে ব্যর্থ পৌরসভা, দুর্ভোগ

লাগামছাড়া ইজিবাইকগুলোর বেপরোয়া চলাচল, অদক্ষ চালক, যেখানে–সেখানে ইউটার্নের কারণে মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

জামালপুর পৌর শহরে তীব্র যানজট। গতকাল বিকেলে গেটপাড় এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১২ বছর ধরে তীব্র যানজটে দুর্ভোগের শিকার হচ্ছেন জামালপুর শহরবাসী। যানজটের অন্যতম কারণ লাগামছাড়া ইজিবাইক। এ ছাড়া যানজটকে আরও অসহনীয় করে তুলেছে শহরের রেলওয়ে ওভারপাস নির্মাণকাজের ধীরগতি।

যানজটের দুর্ভোগ লাঘবে পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ শহরবাসীর।

লাগামছাড়া ইজিবাইকগুলোর বেপরোয়া চলাচল, অদক্ষ চালক, যেখানে-সেখানে ইউটার্ন নেওয়া এবং যাত্রী ওঠানো-নামানোর কারণে মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রাণহানির ঘটনাও ঘটছে। শহরে ৪ হাজার ইজিবাইকের চলাচলে নিবন্ধন থাকলেও চলাচল করছে প্রায় ১০ হাজার। পৌরসভা কর্তৃপক্ষ প্রতিবছর প্রতিটি ইজিবাইক থেকে নিবন্ধনবাবদ তিন হাজার করে টাকা নেয়। নিবন্ধিত ইজিবাইকগুলোকে প্রতিবছর তিন হাজার টাকা দিয়ে নতুন নিবন্ধন নিতে হয়। পৌর কর্তৃপক্ষের হিসাবেই বছরে শুধু ইজিবাইক থেকে নেওয়া হচ্ছে ১ কোটি ২০ লাখ টাকা। এরপরও এসব ইজিবাইক নিয়ন্ত্রণে পৌরসভা কর্তৃপক্ষের নেই উদ্যোগ।

শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় জামালপুর শহর। গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, সড়কের সব জায়গাই ইজিবাইকের জটলা। ফলে সড়কে কিছু দূর পরপর যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটে আটকা পড়ে অনেকে হেঁটেই যাওয়ার চেষ্টা করছেন। সবচেয়ে বেশি যানজট লক্ষ করা যায় শহরের রেলগেটপার, শফি মিয়ার বাজার মোড়, শহীদ হারুন সড়ক মোড়, কথাকলি মার্কেট এলাকা, বুড়ির দোকান মোড়, তমালতলা এলাকা, সকাল বাজার এলাকা, ঢাকাইপট্টি এলাকা, বকুলতলা, জজকোর্ট এলাকা, ফৌজদারি মোড় ও জেনারেল হাসপাতাল এলাকায়। এসব স্থানে ৩০ থেকে ৪০ মিনিট করে যানজটে আটকা পড়েন যাত্রীরা। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

জামালপুর পৌরসভা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে শহরে ইজিবাইক চলাচল শুরু হয়। গত ১২ বছরে ইজিবাইকের সংখ্যা প্রায় ১০ হাজার। ২০১৮ সালে সিদ্ধান্ত হয়, পৌর শহরে লাইসেন্স করা তিন হাজার ইজিবাইক চলাচল করবে। সেই লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ তিন হাজার ইজিবাইকের লাইসেন্স দেয়। গত চার বছরে পৌরসভা কর্তৃপক্ষ আরও এক হাজার ইজিবাইকের লাইসেন্স দিয়েছে। তবে অবৈধ বাকি ছয় হাজার ইজিবাইক শহরে চলাচল বন্ধ করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। ফলে এখনো পুরো শহরে প্রায় ১০ হাজার ইজিবাইক চলাচল করছে।

চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে শহরের বকুলতলায় সমৃদ্ধি ধর নামের এক শিশুশিক্ষার্থী ইজিবাইকচাপায় প্রাণ হারায়। পরে ১৩ জুলাই শহরে কঠোরভাবে ইজিবাইক নিয়ন্ত্রণ, জনগুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপনসহ নিরাপদ সড়কের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটি জামালপুর জেলা শাখার ব্যানারে শহরবাসী মানববন্ধন করেন। দীর্ঘদিন ধরেই শহরের যানজট নিয়ন্ত্রণে সব মহলে সমালোচনা ও আলোচনা হলেও কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন।

সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, টানা ১২ বছর ধরে পুরো শহরবাসীর গলার কাঁটা ইজিবাইক। অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার কারণে শহরবাসী নানা ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অনিবন্ধিত ইজিবাইকের মাত্রা অতিরিক্ত সংখ্যা প্রতিদিন চলাচল করায় পৌর শহর এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। এদিকে রেলওয়ে ওভারপাসের ধীরগতির নির্মাণকাজে যানজট আরও অসহনীয় হয়েছে। প্রভাবশালীদের ইন্ধনে ফুটপাত দখল, দুর্বল ও সীমিত ট্রাফিক ব্যবস্থা, চাঁদাবাজি এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ নানা কারণে শহরে যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

শহরের জিগাতলার বাসিন্দা আশিকুর রহমান বলেন, ইজিবাইকগুলোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই। অদক্ষ চালক, যেখানে-সেখানে ইউটার্ন নিচ্ছে এবং যাত্রী ওঠানো-নামানোর কারণেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ইজিবাইক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু যাঁরা ইজিবাইক চালান, তাঁরা খুবই দরিদ্র। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে ইজিবাইক নিয়ন্ত্রণের ব্যাপারটি ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে। তবে সার্বিকভাবে পৌরসভা তাঁদের সহযোগিতা করবে।