‘পোড়া বাড়িতে ঈদ করছি, তারপরও অনেক খুশি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়ে যাওয়া রান্নাঘরের মেঝে পরিষ্কার করে দেওয়া হয়েছে অস্থায়ী চুলা। সেই রান্নাঘরে ঘরের মেঝেতে বসে পেঁপে কাটছেন গৃহবধূ আরজুদা। আজ দুপুরে পঞ্চগড়ের সোনাচান্দিতে
ছবি: প্রথম আলো

পুড়ে যাওয়া রান্নাঘরের মেঝে পরিষ্কার করে দেওয়া হয়েছে অস্থায়ী চুলা। আগুনের তাপে আঁকাবাঁকা হওয়া টিন দিয়েই দেওয়া হয়েছে ঘরের চালা (ছাউনি)। সেই রান্নাঘরের মেঝেতে বসে পাকা পেঁপে কাটছিলেন গৃহবধূ মোছা. আরজুদা (৩৯)। পরিবারের অন্য সদস্যরা ঈদের নামাজ আর জামাতে খাওয়া শেষে তখন ফিরছিলেন বাড়িতে।

কথা প্রসঙ্গে আরজুদা বললেন, ‘আজকে ঈদের দিনে আহমদিয়া জামাত থেকে বাড়িতে রান্না করতে নিষেধ করেছে। সকালে ঈদের নামাজে গিয়ে নাশতা খেয়েছি। এখন আবার দুপুরের খাবারও সেখান থেকেই দিবে। ঈদের নামাজ শেষে সবাই একসঙ্গে খেয়ে খুবই ভালো লাগছে। পোড়া বাড়িতে ঈদ করছি, তারপরও আমরা অনেক খুশি।’

আজ শনিবার দুপুর ১২টারে দিকে পঞ্চগড়ের সোনাচান্দি এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের পুড়ে যাওয়া বাড়িঘরে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। ক্ষতিগ্রস্তরা বাড়িঘর মেরামত করে কোনোমতে বসবাস শুরুর পর এবারের ঈদ তাঁদের কাছে কিছুটা ভিন্ন। তবে বাড়িঘর পুড়ে যাওয়া কষ্ট মনের মধ্যে থাকলেও নামাজ শেষে সবাই মিলে একসঙ্গে খেয়ে অনেক আনন্দিত তাঁরা।

আরজুদাদের প্রতিবেশী আবদুর রহিমের বাড়িতে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া শোবার ঘরটি এখনো ফাঁকা পড়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে সিমেন্টের খুঁটিগুলো। তবে পাশেই টিন দিয়ে ছোট ছোট দুটি শোবার ঘর তৈরি করেছেন তাঁরা। মানুষের কণ্ঠ শুনে ঘর থেকে বেরিয়ে এলেন আবদুর রহিম (৫২)। তিনি বলেন, ‘পরিবারের সবাই ঈদের নামাজ পড়তে গেছে। সেখানেই খাওয়া-দাওয়ার আয়োজন করেছে। বাড়ি ফাঁকা রেখে যেতে ভয় লাগে, এ জন্য আমি বাড়িতেই আছি।’

আবদুর রহিমের সঙ্গে কথা বলতে বলতেই বাড়িতে ঢুকছিলেন রহিমের স্ত্রী আসমা বেগম ও তাঁদের পুত্রবধূ। আসমা বেগম বলেন, ‘এখনো আমাদের অনেকেরই বাড়িঘর ঠিক করতে পারিনি। এ জন্য আহমদিয়া জামাত থেকে ঈদের আগের দিনই ঘোষণা দিয়েছে ঈদের দিন বাড়িতে রান্না না করতে। মসজিদে জামাতে নামাজের সঙ্গে সেখানে খাওয়ার ব্যবস্থাও করেছে। সবাই একসঙ্গে খেতে পেরে বেশ আনন্দ লাগছে।’

গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে করা বিক্ষোভ থেকে আহম্মদনগর, ফুলতলা, শালশিড়ি ও সোনাচান্দি এলাকার দুই শতাধিক ব্যক্তির বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়। আহমদিয়ারা ওই দিন দুপুরে বাড়িঘরে তালা দিয়ে জলসায় ছিলেন। এ সুযোগে বিকেল থেকেই দুষ্কৃতকারী ব্যক্তিরা তাঁদের বাড়িঘরে প্রথমে হামলা চালান। লুট করে নিয়ে যান সর্বস্ব। পরে বাড়িঘরে আগুন দিয়ে চলে যান তাঁরা।

আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তরা জানান, ঘটনার পর থেকে এক কাপড়েই ছিলেন তাঁরা। তবে ঘটনার কয়েক দিন পর থেকেই আহমদিয়া জামাত থেকে তাঁদের জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করা হয়। আহমদিয়া সম্প্রদায়ের আহম্মদনগর মসজিদ ও শালশিড়ি মসজিদে রান্না করে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়।

রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান তাঁদের শাড়ি, লুঙ্গি, কম্বল, চাল ও নগদ টাকা দিয়ে সহায়তা করেছেন। এ ছাড়া গত ১৫ মার্চ প্রধানমন্ত্রীর তহবিল থেকে আহমদিয়াদের এক কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ২০৬ জনের মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৮০৩ থেকে সর্বোচ্চ ৫ লাখ ২৬ হাজার ৩৬৬ টাকার চেক প্রদান করা হয়। এর পর থেকে ধীরে ক্ষতিগ্রস্তদের অনেকেই বাড়িঘর মেরামত করে বাড়িতে থাকতে শুরু করেন।

এদিকে হামলা-অগ্নিসংযোগের এ ঘটনার প্রায় দেড় মাস পর অনুষ্ঠিত হওয়া ঈদুল ফিতরে আহমদিয়া সম্প্রদায়ের পুরুষ ও নারীরা তাঁদের আহম্মদনগর এলাকার জলসা মাঠে এবং শালশিরি এলাকার মসজিদ মাঠে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন। ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্ত আহমদিয়াদের নামাজ শেষে জামাতেই খাওয়ার আয়োজন করে আমদিয়া জামাত। ক্ষতিগ্রস্ত আহমদিয়াদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির মাওলানা আবদুল আউয়াল খান চৌধুরী। তিনি ঢাকা থেকে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে ঈদ উদ্‌যাপন করতে পঞ্চগড়ের আহম্মদনগরে এসেছেন।

আহম্মদনগর এলাকার ক্ষতিগ্রস্ত মাহমুদ আহমদ বলেন, আগুনে পুড়ে যাওয়ার পর অনেকেই এখন বাড়িঘর মেরামত করছেন। ক্ষতিগ্রস্ত দোকানপাট মেরামত করে অনেকেই চালু করেছেন। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে সবাই ফেরার চেষ্টা করছেন। তবে জামাতের পক্ষ থেকে ঈদের দিনে খাবারের ব্যবস্থা করায় এবার সবার মধ্যে একটা অন্য রকম খুশি অনুভূত হচ্ছে।

আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির মাওলানা আবদুল আউয়াল খান চৌধুরী বলেন, ‘আমাদের খলিফার পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজখবর নিতে বলা হয়েছে। সেই নির্দেশনায় আমার এখানে আসা। আমরা তাঁদের পাশে থাকতে ওয়াদাবদ্ধ।’

উল্লেখ্য, গত ২ থেকে ৪ মার্চ হামলা-অগ্নিসংযোগের ঘটনার পর এখন পর্যন্ত আহম্মদনগর, ফুলতলা, শালশিড়ি ও সোনাচান্দি এলাকায় পুলিশ সদস্যদের নজরদারি দেখা গেছে। এর আগে গত ৩ মার্চ জুমার নামাজের পর আহম্মদনগর এলাকায় শুরু হওয়া আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী সালানা জলসা বিক্ষোভের মুখে ওই দিন রাতেই প্রশাসনের অনুরোধে বন্ধ করে দেওয়া হয়।