জমি নিয়ে বিরোধের জের ধরে দুলাভাইয়ের হামলায় শ্যালক নিহত
নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাই শ্যালককে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাতটার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। এই ঘটনায় দুলাভাইকে আটক করেছে পুলিশ।
খুন হওয়া ব্যক্তির নাম জামাত আলী (৫৫)। তিনি গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামে বাসিন্দা। এই বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত জামাতের দুলাভাই লছিমুদ্দিন জাদুকে (৬৫) আটক করা হয়েছে। একই সঙ্গে জড়িত আরও তিনজনকে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
নিহত জামাতের মা জামেলা বেগম অভিযোগ করে বলেন, বসতবাড়ির দুই কাঠা জায়গা নিয়ে লছিমুদ্দিনের সঙ্গে তাঁর ছেলের বিরোধ চলে আসছে। বিরোধের বিষয়টি নিষ্পত্তি না করেই জামাত লছিমুদ্দিন বাড়িতে একটি নলকূপ বসানোর জন্য মিস্ত্রি নিয়ে আসেন। এ নিয়ে সকাল থেকেই বিরোধ শুরু হয়।
একপর্যায়ে লছিমুদ্দিন, তাঁর মেয়ে লিপি খাতুন (৪২) ও ছেলে লাম হোসেন (২৩) জামাতের ঘরে ঢুকে বুকের ওপর বসে তাঁকে এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা চলে যান। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে চাপিলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথেই মারা যান জামাত আলী।
জামাতের বোন আসমা খাতুন অভিযোগ করে বলেন, তাঁর শ্বশুরবাড়ি বড়াইগ্রাম উপজেলায়। প্রতিবেশীদের মুঠোফোনে খবর পেয়ে গুরুদাসপুরে ভাইয়ের বাড়িতে ছুটে আসেন এবং খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হন। তাঁর ভাইয়ের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁরা কেউই বাড়িতে ছিলেন না। তাঁর ভাই অসুস্থ হওয়ায় তাঁর ভাবি অনেক আগেই চলে গেছেন। এ কারণে অসহায় ছিলেন জামাত আলী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, লছিমুদ্দিনকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।