ঈশ্বরদীতে বাজার লিচুতে রঙিন, ৫৫০ কোটি টাকা বিক্রির আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলার অন্যতম আওতাপাড়া হাটে বিক্রির জন্য নিয়ে আসা নানা জাতের লিচু। আজ বুধবার তোলা
ছবি: প্রথম আলো

লিচুর রাজধানী হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী। উপজেলার বিভিন্ন বাজারে চোখজুড়ানো রসাল লিচু পুরোদমে আসতে শুরু করেছে। গাছ থেকে লিচু ভাঙা, বাছাই, মোড়কজাতসহ নানা কাজে ব্যস্ত লিচুচাষি ও ব্যবসায়ীরা। চলতি মৌসুমে লিচুর ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি তাঁরা।  

কৃষি বিভাগের তথ্যমতে, আগামী দুই সপ্তাহ ঈশ্বরদীর লিচু মিলবে। ফলন কম হলেও চলতি মৌসুমে এখানে ৫০০ থেকে ৫৫০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

পাবনার ঈশ্বরদী উপজেলার জাতভেদে প্রতি হাজার লিচু ১৫০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। আজ বুধবার ঈশ্বরদীর আওতাপাড়ায়
ছবি: হাসান মাহমুদ

স্থানীয় লিচুচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমের আবহাওয়া লিচুর জন্য প্রতিকূল ছিল। রাতে ঠান্ডাভাব ও দিনে প্রচণ্ড দাবদাহ ছিল। পর্যাপ্ত বৃষ্টিও হয়নি। ফলে শুরুতেই লিচুর ফুল বেরিয়েছে ৬০ শতাংশ। ফুল থেকে গুটি হওয়ার সময় তীব্র রোদে কিছু লিচু ঝরে গেছে। বৃষ্টি না হওয়ায় গাছেই কিছু লিচু ফেটে নষ্ট হয়েছে। ফলে লিচু নিয়ে এবার চাষিরা বেশ দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু লিচু বিক্রি শুরু হওয়ায় তাঁদের মধ্যে বেশ স্বস্তি ফিরে এসেছে। দুই সপ্তাহ আগে মোজাফফর জাতের দেশি লিচু বিক্রির মধ্য দিয়ে বেচাকেনা শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে বাজারে আসছে সুস্বাদু বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু।

সরেজমিনে দেখা গেছে, টুকটুকে লাল লিচুতে এখন রঙিন হয়ে উঠেছে পুরো উপজেলা। মাঠ থেকে হাট, সব জায়গাই যেন পাকা লিচুতে রঙিন। গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় লিচু। বাগানগুলোতে ব্যস্ততার ঘনঘটা। গাছ থেকে লিচু ভাঙা, ঝুড়িতে লিচু সাজাতে ব্যস্ত নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবাই। বাগান থেকে ট্রাকে সাজানো হচ্ছে লিচুর ঝুড়ি। যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায়। অন্যদিকে পাইকারি বাজার থেকে শহর বাজার, সবখানে একই চিত্র। চলছে পুরোদমে লিচু কেনাবেচা। পাইকারি বাজার থেকে ট্রাক, অটোরিকশা, ভ্যানে লিচু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।
 
লিচুচাষিরা বলেন, এ উপজেলায় বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয় গত শতকের আশির দশকে। কিছু শৌখিন মানুষ বাড়ির আঙিনায় লিচু চাষ করেন। অন্য ফল ও ফসলের তুলনায় লিচুতে লাভ বেশি হওয়ায় শুরু হয় বাণিজ্যিকভাবে লিচু চাষ। হতে থাকে একের পর লিচুর বাগান। বাড়ির আঙিনা থেকে রাস্তা, মাঠ, ফসলের জমি সবখানেই হতে থাকে লিচুর বাগান। বর্তমানে উপজেলার ছলিমপুর, দাশুড়িয়া, সাহাপুর, পাকশী ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে রয়েছে লিচুর বাগান।
ঈশ্বরদীতে সাধারণত তিন জাতের লিচুর ফলন বেশি ভালো হয়। এগুলো হচ্ছে মোজাফফর বা দেশি লিচু, বোম্বাই ও চায়না-৩। এ ছাড়া বর্তমানে কদমি, কাঁঠালি, বেদানা, চায়না-১ ও চায়না-২ জাতের লিচুও চাষ হচ্ছে। তবে বোম্বাই ও চায়না-৩ বেশি সুস্বাদু। বিক্রিও হয় বেশি দামে।  

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলায় এবার ৪ হাজার ৭১১ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে শুধু ঈশ্বরদীতে লিচু চাষ হয়েছে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে। জেলায় লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৫০০ মেট্রিক টন, যার বর্তমান বাজারমূল্য ৫০০ থেকে সাড়ে ৫০০ কোটি টাকা। গত মৌসুমে ৬৫০ থেকে ৭০০ কোটি টাকার লিচু বিক্রি হয়েছে।

পাবনার ঈশ্বরদী উপজেলার অন্যতম আওতাপাড়া হাটে বিক্রির জন্য নিয়ে আসা নানা জাতের লিচু। আজ বুধবার তোলা
ছবি: প্রথম আলো

চাষিরা বলছেন, গত বছরের তুলনায় এবার ফলন কিছুটা কম হলেও মৌসুমের শুরু থেকে বিভিন্ন জেলার পাইকারেরা লিচু কিনতে আসছেন। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম একটু বেশি যাচ্ছে। বর্তমান বাগান থেকে পাইকারি প্রতি এক শ লিচু ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছর এই দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

ঢাকার যাত্রাবাড়ী থেকে লিচু কিনতে আসা পাইকারি ব্যবসায়ী মিলন হোসেন জানান, বাগান থেকে লিচু কেনার পর শ্রমিক ও পরিবহন খরচ রয়েছে। ঢাকায় পৌঁছাতে প্রতি এক শ লিচুর দাম পড়ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা পর্যন্ত।

উপজেলার ছলিমপুর পাইকারি লিচু হাটের ব্যবসায়ী রেজাউল করিম জানান, গত মৌসুমে শুধু ছলিমপুর হাট থেকে প্রতিদিন ১৩ থেকে ১৫ ট্রাক লিচু দেশের বিভিন্ন বাজারে যেত। এবার সরবরাহ কম থাকায় ৮ থেকে ১০ ট্রাক পর্যন্ত লিচু অন্য জেলায় যাচ্ছে।

সাহাপুর গ্রামের লিচুচাষি মিরাজুল ইসলাম বলেন, তাঁর ৮০টি লিচুগাছে গত বছরের তুলনায় অর্ধেক লিচু পাবেন। তবে বর্তমানে যে দরে লিচু বিক্রি হচ্ছে, এ দরে শেষ পর্যন্ত বিক্রি করতে পারলে লোকসান হবে না। খরচ বাদ দিয়ে লাভ করবেন বলে আশা করছেন।

লিচুর ফলন ও বাজার সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, চলতি মৌসুমে ঈশ্বরদীতে ফলন কিছুটা কম হলেও বাজারে লিচুর দাম ভালো রয়েছে। এতে কৃষক লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবেন বলে আশা করা যাচ্ছে।