সরকারি জায়গায় বানানো স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘর ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত

খাস জমিতে নির্মাণাধীন এই স্থাপনা আজ থানা-পুলিশের উপস্থিতিতে ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সরকারি জায়গা দখল করে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নির্মাণাধীন পাকা ভবন ভেঙে দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই স্থাপনা ভাঙার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।

৮ এপ্রিল প্রথম আলোয় ‘রাঙ্গুনিয়ায় সরকারি জায়গায় ঘর নির্মাণের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ দেখে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম এ অভিযান চালান।

মোহাম্মদ জামশেদুল আলম বলেন, প্রথম আলোর সংবাদ দেখে তদন্ত করে দেখা যায়, পাকা ঘরটি খাস জায়গায় নির্মাণ করা হচ্ছিল। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগে রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নোয়াগাঁও এলাকার ১২ জন সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার মেয়রের কাছে অভিযোগ করেন। অভিযোগে তাঁরা বলেন, ওই এলাকার বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. দিদার সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন। এ কারণে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি জমে থাকায় এলাকার ৭০ থেকে ৮০টি পরিবারকে দুর্ভোগে পড়তে হচ্ছে।

যদিও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. দিদার জায়গাটি তাঁর বলে দাবি করেন। তিনি প্রথম আলোকে বলেছিলেন, পাকা স্থাপনা করার আগে ওই জায়গায় তাঁদের গোয়ালঘর ছিল। সেটি ভেঙে নতুন করে ঘর তৈরি করা হচ্ছে। তা ছাড়া পানি অন্য দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। অযথা ষড়যন্ত্র করে তাঁর সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তবে আজ থানা-পুলিশের উপস্থিতিতে সেই স্থাপনা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন