আখাউড়ায় রেললাইনের ওপর থেকে খণ্ডিত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের চারা বটগাছসংলগ্ন রেললাইনের ওপর থেকে লাশটি উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ওই রেললাইনের ওপরে খণ্ডিত লাশটি পড়ে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। ঘটনাস্থল গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি কোন ট্রেনের নিচে পড়ে কাটা গেছেন, তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।