জামিন পেয়ে কারাগার থেকে বাড়ি ফিরলেন লাশ হয়ে
মানব পাচারের মামলায় চাঁদপুর জেলা কারাগারে বন্দী ছিলেন মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়া (৪৩)। গত বৃহস্পতিবার ওই মামলায় জামিন পান তিনি। কিন্তু মুক্তির আগেই গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়েছে।
বুকের ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সুজা–উদ–দৌলা রুবেল। তিনি বলেন, মোস্তফা মিয়ার বুকে ব্যথা ছিল। হাসপাতালের আনার আগে পথেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীর বলেন, মোস্তফা মিয়া মানব পাচারের মামলায় গ্রেপ্তার হয়ে চার মাস ধরে কারাগারে ছিলেন। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত থেকে জামিন পান তিনি। কিন্তু তাঁর জামিনের কাগজ কারাগারে না আসায় তিনি মুক্তি পাননি। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।