ঈদে যানজট ঘিরে মৌসুমি ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার পাশে অস্থায়ী মুদিদোকান দিয়েছেন এক তরুণ। আজ বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায়
ছবি: প্রথম আলো

ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে। সেখানে সৃষ্টি হয় যানজটের। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি বাড়ে। এই যানজটের সময় মহাসড়কের দুই পাশের বাসিন্দারা অস্থায়ী দোকান তৈরি করে বেচাকেনা করেন। ঈদের আগে এটা তাঁদের অনেকটা বাড়তি আয়ের উৎস।

স্থানীয় সূত্রে জানা যায়,  প্রায় ১৫ বছর ধরে ঈদের সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ঘরমুখী মানুষকে এই যানজটে আটকে পড়ে থাকতে হয়। মহাসড়কের পাশে দোকানপাট না থাকায় আশপাশের বাসিন্দারা ঈদের আগে অস্থায়ী দোকান তৈরি করেন। এসব দোকানে কেউ পানির বোতল, এনার্জি ড্রিংকস; কেউ খিচুড়ি-তেহারি; কেউ ফলমূল, আবার কেউ শুকনো খাবার বিক্রি করেন। এই মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটারে পাঁচ শতাধিক অস্থায়ী দোকান বসে।

এবার ঈদুল আজহার ছুটি শুরু হয় গত মঙ্গলবার। সোমবার রাত থেকেই মহাসড়কের দুই পাশে অস্থায়ী দোকান বসে। কিন্তু সোমবার ও মঙ্গলবার যানজট না হওয়ায় হতাশ হয়ে পড়েন ওই সব অস্থায়ী দোকানের উদ্যোক্তারা। তবে আজ বুধবার ভোর থেকে যানজট শুরু হয়। বিক্রিও বাড়তে থাকে তাঁদের।

আজ সকালে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় দেখা যায়, খিচুড়ির প্যাকেট বিক্রি করছেন ভাবন সরকার নামের এক ব্যক্তি। তিনি জানান, ব্রয়লার মুরগির মাংস দিয়ে খিচুড়ি তৈরি করেছেন, প্রতি প্যাকেটের দাম ৫০ টাকা। আগে প্রতি ঈদে ৩৫-৪০ হাজার টাকার খিচুড়ি বিক্রি করেছেন। গত দুই দিন তেমন যানজট হয়নি। এ কারণে বেচাকেনাও হয়নি। আজ সকালে যানজট তীব্র হয়। পাঁচ ঘণ্টায় প্রায় চার হাজার টাকার খিচুড়ি বিক্রি করেছেন।

ভাবন সরকার জানান, তাঁদের এলাকার শ্যামল সরকার, সত্য সরকারসহ আরও কয়েকজন খিচুড়ি বিক্রি করছেন।

সড়কের পাশে কলা বিক্রি করছেন এক ব্যক্তি। আজ বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায়
ছবি: প্রথম আলো

রসুলপুর এলাকায় ভ্যানে অস্থায়ী দোকান দিয়ে পানি ও ফ্রুট ড্রিংকস বিক্রি করছিলেন লিটন সরকার। প্রতি ঈদের আগে তিনি এ রকম অস্থায়ী দোকান করেন। লিটন সরকার বলেন, ‘জাম হইছিল, কিন্তু তেমন গরম পড়ে নাই, তাই বিক্রি কম। যানজট বেশি সময় থাকলে আমাগো বিক্রিও বেশি হয়।’

গালা ইউনিয়ন পরিষদ মোড়ে অস্থায়ী দোকান করেছেন কলেজছাত্র রিয়াজ হাসান। তিনি জানান, ৫০ হাজার টাকার পানি ও শুকনা বিভিন্ন খাবার দোকানে তুলেছেন। প্রতি ঈদের আগে এমন দোকান দেন তিনি। ভালো আয়ও হয়।

এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যানজটে আটকে থাকা নীলফামারীগামী পিকআপ ভ্যানের যাত্রী শহীদুল ইসলাম বলেন, মহাসড়কের পাশে এমন অস্থায়ী দোকান বসায় যাত্রীদের সুবিধা হয়। যানজটে আটকে থাকা যাত্রীরা সহজেই খাবার ও পানি পেয়ে থাকেন। হোটেল-রেস্তোরাঁর তুলনায় এসব অস্থায়ী দোকানের খাবারের দাম অনেক কম।