সেন্ট মার্টিনে বেড়াতে এসে হৃদ্‌রোগে এক পর্যটকের মৃত্যু

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বেড়াতে এসে মো. মাসুদুর রহমান (৪২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল বাতেন ও সেন্ট মার্টিন ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাউলার চরের শামসুল হকের ছেলে এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বেসরকারি সংস্থা ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে তিনি সেন্ট মার্টিনে বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ ও স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে সেন্ট মার্টিনের ‘সি ফাইন্ড রিসোর্টে’ ওঠেন মাসুদুর রহমান। তাঁরা গতকাল সেখানে রাত যাপন করেন। আজ সকালে মাসুদুর বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্বীপের ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

সেন্ট মার্টিন ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান প্রথম আলোকে বলেন, হৃদ্‌রোগজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর স্বজনেরাও জানিয়েছেন, ওই ব্যক্তির হৃদ্‌রোগের সমস্যা ছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মাসুদুর রহমানের স্ত্রী মাসুমা আক্তার বলেন, তাঁর স্বামীর হৃদ্‌রোগের সমস্যা ছিল। ভোরবেলা হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, মারা যাওয়া মাসুদুর রহমান ব্র্যাকের কর্মকর্তা হিসেবে টেকনাফে চাকরি করতেন। তাঁর স্ত্রী দেওয়ানগঞ্জ সরকারি কলেজের শিক্ষক। স্ত্রী-সন্তানদের নিয়ে সেন্ট মার্টিনে বেড়াতে এসে তিনি মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।