রাখাইনদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র ও নাগরিক সমাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে নাগরিক প্রতিনিধিদলের সদস্যরা পটুয়াখালীর রাখাইন এলাকা পরিদর্শনের পর আজ মতবিনিময় সভা করেন। পটুয়াখালী, ১৮ জুন
ছবি: প্রথম আলো

পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে একসময় ২৩৭টি রাখাইন গ্রামের নাম পাওয়া গেলেও বর্তমানে ১৯২টি রাখাইন গ্রামের কোনো হদিস নেই। দুই শ বছরের মধ্যে প্রায় ৮১ ভাগ রাখাইন গ্রাম বেদখল হয়ে রাখাইনশূন্য হয়েছে। রাখাইন জনসংখ্যা কমেছে প্রায় ৯৫ ভাগ। রাখাইন জাতিসত্তার মানুষদের রক্ষার দায়িত্ব রাষ্ট্র ও নাগরিক সমাজের বলে উল্লেখ করেছেন।

ঢাকা থেকে নাগরিক প্রতিনিধিদলের সদস্যরা গত দুই দিন পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন জনপদ সরেজমিন পর্যবেক্ষণ করেন। আজ রোববার সেই পরিদর্শনের পর পটুয়াখালীতে মতবিনিময় সভায় এই তথ্য উপস্থাপন করেছেন।

আজ সকাল ১০টায় পটুয়াখালীর একটি হোটেল মিলনায়তনে এই মতবিনিময় সভা পরিচালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সভায় লিখিত বক্তব্যে নাগরিক প্রতিনিধিদলের সদস্য প্রকাশ বিশ্বাস বলেন, বাংলাদেশ বহু সংস্কৃতি ও বহু জীবনের এক বৈচিত্র্যময় দেশ। বৃহত্তর বাঙালি জাতি ছাড়াও এখানে ৫১ বা তারও কম বেশি ক্ষুদ্র জাতির বসবাস। দেশের মোট ৩০ লাখ আদিবাসী জনসংখ্যার ভেতর রাখাইনদের সংখ্যা বর্তমানে মাত্র কয়েক হাজার। বৃহত্তর বাঙালিসহ মূলধারার কাছে দেশের সব ক্ষুদ্র জাতিসত্তার পরিচয় এখনো অস্পষ্ট।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, একটি দেশে সব ধরনের জাতিসত্তা থাকলে সে দেশের সৌন্দর্য বাড়ে। এসব জাতিগোষ্ঠীরা ফুলের বাগানের ফুলের মতো। সব ফুলের সমাহারে বাগানের সৌন্দর্য বাড়ে। কিন্তু মালি যদি একধরনের ফুলের প্রতি যত্ন নেয়, তাহলে সৌন্দর্য থাকবে না। ঠিক তেমনই রাষ্ট্র শুধু একটি জাতি বা ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করলে রাষ্ট্রের সৌন্দর্য থাকে না।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন বিল্লা বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। তাদের স্বার্থ রক্ষা করা। তার পাশাপাশি যারা আমরা সংখ্যাগুরু আছি, তাদের আরও বেশি দায়িত্ব এই সংখ্যালঘুদের রক্ষা করা।  আমরা মনে করি আমাদের সব নাগরিকদেরও দায়িত্ব রয়েছে এই বঞ্চিত ও অনগ্রসর মানুষের পাশে দাঁড়ানো।

বেসরকারি সংগঠন নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, আমাদের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। কিন্তু আমাদের বহু সংস্কৃতির দেশ বলে সংবিধানে যে কথাটি বলা আছে, তার লঙ্ঘন হচ্ছে। দেশে সংখ্যালঘুদের উন্নয়নে আইন পাস হতে দেরি হয়। কিন্তু অন্যান্য নিপীড়নমূলক আইন প্রণয়নে সময় কম লাগে। এ দেশের ক্ষুদ্র জাতিসত্তার অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, বরিশাল অঞ্চলের সভাপতি মংচোথিন তালুকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক মোহসিনা হোসাইন,  শরীফা উম্মে শিরিনা, একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মো. ইলিয়াস হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আসাদুজ্জামান মুন্না ও অধ্যাপক আফজাল হোসেন।