কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম নূর হালিমা (৩)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নূর হালিমা কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের ই–ব্লকের বাসিন্দা নূর আলমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় রোহিঙ্গা নেতারা জানান, ক্যাম্পের ই–ব্লকসংলগ্ন একটি ময়লার স্তূপের পাশে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় রোহিঙ্গারা বিষয়টি আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের জানান। পরে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুতুপালং নিবন্ধিত এই আশ্রয়শিবিরে প্রায় ৪০ হাজার রোহিঙ্গার বসবাস।