তেল মজুত করে ৩০০ টাকা লিটার বিক্রি করছিলেন দোকানি, জরিমানা
রাজশাহীর বাগমারা উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দোকানের পেছনে জারকিন ও ব্যারেলের মধ্যে পেট্রল ও ডিজেল মজুত করছিলেন মুদিদোকানি আবদুস সাত্তার (৪৫)। গোপনে ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে বিক্রিও করছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি।
আজ মঙ্গলবার অবৈধভাবে মজুত করা ৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি ওই ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা করা হয়।
ব্যবসায়ী আবদুস সাত্তার ঝিকড়ার নামকান গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ভবানীগঞ্জ এলাকায় ব্যবসা করে আসছেন।
বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি ময়েজ উদ্দিন মার্কেটের মুদিদোকানের পেছনে জারকিন ও ব্যারেলের মধ্যে জ্বালানি তেল মজুত করা হয়েছিল। সুযোগ পেলেই ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করতেন তিনি। খবর পেয়ে আজ ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানকালে দোকানের ভেতরে গোপন স্থানে রাখা জারকিন ও ব্যারেল দেখতে পায় পুলিশ। সেগুলো খুলে পেট্রল ও ডিজেল পাওয়া যায়। পরে মুদিদোকানি আবদুস সাত্তারকে আটক করে। সেখানে থাকা ব্যারেল ও জারকিন জব্দ করা হয়। এর মধ্যে ৪০০ লিটার পেট্রল ও ১০০ লিটার ডিজেল পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুস সাত্তার বলেন, অধিক দামে বিক্রির জন্য পেট্রল ও ডিজেল মজুত করেছিলেন। তিনি এসব বেশি দামে সংগ্রহ করেছিলেন। আজ বেলা ১১টায় জব্দ করা পেট্রল, ডিজেলসহ আবদুস সাত্তারকে তাঁর দোকানে হাজির করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী আবদুস সাত্তার নিজের অপরাধ স্বীকার করেন। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা।