গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইভিএমে এই ভোট চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। ভোট দিতে আসা ভোটারদের প্রত্যাশা, এবার যেন ভোট ভালোভাবে হয়, নির্বাচন যেন বন্ধ না হয়।
আজ সকালে সরেজমিনে ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আছে। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে সকাল সাড়ে সাতটা থেকে কেউ কেউ কেন্দ্রে হাজির হয়েছেন ভোট দিতে।
সকাল সাড়ে আটটায় সাঘাটা উপজেলার ফলিয়াদিঘর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেল, ভোটারদের লাইন। এখানে ভোট দিতে আসা ফলিয়া দিগর গ্রামের কৃষক আবদুস সোবহান (৬৫) সকাল সাড়ে সাতটা থেকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ভোট দেওয়ার জন্য তিনি আজ ভোরে ঘুম থেকে উঠেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তিনি বলেন, ‘গত ভোটে আসা নিয়ে ভোট দিয়েছিলাম। ভোট বন্ধ হলো। খুব খারাপ লেগেছিল। এবার যেন সুন্দরভাবে ভোট হয়।’
একই কেন্দ্রে আসা একই গ্রামের নজম উদ্দিন (৬০) বলেন, ‘সকাল আটটায় ভোট দিতে এসেছি। সকাল সকাল ভোট দিয়ে বাড়ি যাব। সারাদিন বাড়ির কাজ করা যাবে। ইভিএম মেশিনে ভোট দিলাম। সুইচ টিপলেই ভোট দেওয়া হয়ে যায়। পরিবেশও শান্তিপূর্ণ। খুব ভালো লাগছে।’ একই কেন্দ্রে আসা একই গ্রামের রুবি বেগম (৪৫) বলেন, ‘গতবার ভোট দিয়া নষ্ট হয়েছে। তাই সকাল সকাল ভোট দিতে এসেছি।’
এ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘পুনঃ ঘোষিত উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়।’ তিনি আশা করেন, উপনির্বাচনে নৌকার বিজয় হবে।
এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। এখানে ভোট সংখ্যা তিন হাজার ৩৯৪টি। আধা ঘণ্টায় প্রায় ৩০টি ভোট পড়েছে। বেলা বাড়লে ভোটারের উপস্থিতি বাড়বে।
সকাল নয়টার দিকে একই উপজেলার বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল, ভোট দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছেন ভোটাররা। এখানে ভোট দিতে আসা বারকোনা গ্রামের মোশারফ হোসেন (৪৫) বলেন, ‘এব্যারক্যা ভোটোত ঝামেলা হয় নাই। কাউয়ো ভোট মারি নিবের পায় নাই। কেনদোরোত (কেন্দ্র) ক্যামেরা নাগাচে। ভোটের মাঠোত গেনজাম নাই। মেসিনোত (ইভিএম মেসিন) টিপ দিয়া ভোট দিয়া শানতি পানো।’
কেন্দ্রে আসা আরেক ভোটার কৃষক সাইদুর রহমান (৫০) বলেন, ‘সকালে ভোটের অবসতা ভালো। মেসিনোত ভোট দিয়া ভালো নাগলো। কাউয়ো ভোট দিব্যার জন্নে চাপ দ্যায় নাই। ভালো নোকোক ভোট দিচি।’
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে।
জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী গোলাম শহীদ বলেন, ‘উপনির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে বিজয়ী হব বলে আমি আশাবাদী।’ সাঘাটা উপজেলার কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে জাপার প্রার্থী অভিযোগ করেন, সাঘাটার হলদিয়া ইউনিয়নের বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ভরতখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাঁর নেতা–কর্মীদের হুমকি দেওয়া হয়।
বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।
গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কয়েক প্লাটুন র্যাব, আনসার সদস্য ছাড়াও ১ হাজার ৩১৫ জন পুলিশ নিরাপত্তা প্রদানে দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মোট ১৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতি ইউনিয়নে একজন করে মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কয়েক প্লাটুন বিজিবি ও অস্ত্রধারী আনসার আছে।
এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান, জাপার প্রার্থী এএইচএম গোলাম শহীদ, বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান ও সৈয়দ মাহবুবুর রহমান।
এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত বছরের ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত বছরের ১২ অক্টোবর উপনির্বাচন হলেও অনিয়মের কারণে নির্বাচন কমিশন সেটা বাতিল করে।