বিরামপুরের ছোট যমুনা নদী
অবৈধভাবে বালু তুলে বিক্রি
বিলীন হচ্ছে নদীতীরের তিন ফসলি জমি। আর বালুবাহী ট্রাক্টরের চাকায় এসব এলাকার সড়ক নষ্ট হচ্ছে।
একটি বালুমহালের ইজারা দেওয়া হয়েছে। কিন্তু এর পাশে আরও পাঁচ স্থান থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে। এই ঘটনা দিনাজপুরের বিরামপুর উপজেলার ছোট যমুনা নদীতীরের।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, রাজনৈতিক নেতা ও প্রশাসনকে ‘ম্যানেজ’ করে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এর ফলে বিলীন হচ্ছে নদীতীরের তিন ফসলি জমি। আর বালুবাহী বেপরোয়া ট্রাক্টরের চাকায় এসব এলাকার সড়ক নষ্ট হচ্ছে।
গত বছর বিরামপুর পৌরসভার হোসেনপুর মৌজায় ১৯ দশমিক ৫২ একর আয়তনের বালুমহালটি ইজারা দেওয়া হয়। উপজেলার পলিপ্রয়াগপুর গ্রামের ব্যবসায়ী সেলিম হোসেন ২৭ লাখ ৬০ হাজার টাকায় বালুমহালটি ইজারা নেন। উপজেলায় এটি একমাত্র বৈধ বালুমহাল।
তবে একটি প্রভাবশালী মহল অন্য পাঁচ স্থান থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে। এগুলো হলো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিরপুর গ্রামের পশ্চিমে কুটিরঘাট, একই ওয়ার্ডের মির্জাপুর গ্রামে মনার ইটভাটার পশ্চিমে মির্জাপুর, ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভগবতিপুর, জোতজয়রাম গ্রামের মধ্যে মোন্নাপাড়া ও পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শ্রীপুর।
প্রতিটি স্থানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু তোলা হয়। সব মিলিয়ে ৩০০-৩৫০ ট্রাক্টর বালু তোলা হচ্ছে। প্রতি ট্রাক্টর বালুর দাম ৮০০ টাকা। এ হিসাবে প্রতিদিন প্রায় তিন লাখ টাকার বালু বিক্রি করা হয়। এসব বালু উপজেলা ও উপজেলার বাইরে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে।
২৪ মার্চ সকালে মুকুন্দপুর এলাকার কুটির ঘাটে গিয়ে দেখা যায়, নদীতে খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। আর সেই বালু পাঁচ-ছয়টি ট্রাক্টরে ভরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। সেখানে খননযন্ত্র চালাচ্ছিলেন উপজেলার মোন্নাপাড়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান। তিনি বলেন, ‘এখানে চুক্তিভিত্তিক কাজ করি। নদী থেকে বাটা মেশিনে (খননযন্ত্র) বালু তুলি। প্রতি গাড়ি বালুর জন্য ১৬০ টাকা করে নিই। প্রতিদিন এখান থেকে ৬০-৭০ গাড়ি বালু ওঠে। কোনো দিন ১০০ গাড়ি বালুও ওঠে। প্রতি গাড়ি বালু ৮০০ টাকায় বিক্রি হয়। এই ঘাটের ম্যানেজার শ্রীপুর গ্রামের রুবেল হোসেন।’
পরে কথা হয় রুবেল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘সেলিম হোসেনের নামে শুধু বালুমহালের ডাক নেওয়া হয়েছে। সবকিছু পরিচালনা করি আমরা। এর সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও আছেন। মূল দায়িত্বে আমি আছি। এটা দেখাশোনা করি।’ বালু তোলার টাকা কীভাবে বণ্টন হয় এ বিষয়ে রুবেল হোসেন বলেন, ‘এগুলো মুঠোফোনে বলা যাবে না। আসেন, সামনাসামনি কথা বলি।’
খোঁজ নিয়ে জানা যায়, অন্য স্থানগুলোতে বালু তোলা ও বিক্রির জন্য আলাদা ব্যবস্থাপক রয়েছেন।
এদিকে নদীর পাঁচটি স্থান থেকে ট্রাক্টরে করে বালু পরিবহনের ফলে ওই এলাকার বেশির ভাগ সড়ক নষ্ট হয়ে গেছে। মোন্নাপাড়া নদীর ঘাট থেকে মোন্নাপাড়া ইটভাটা মোড়, পৌর শহরের শিমুলতলী থেকে মির্জাপুর, মির্জাপুর থেকে মিরপুর ও মিরপুর থেকে ভবানীপুর গ্রামের পাকা রাস্তার অনেক জায়গা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। কোনো কোনো রাস্তার পিকেটিং উঠে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এতে পথচারী ও রাস্তার পাশে বসবাসকারীরা ভোগান্তি পোহাচ্ছেন। এত কিছুর পরও প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করায় বালুখেকোদের হামলার শিকার হয়েছিলেন জমির মালিকেরা। তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল। পরে আর কেউ বালু তোলার বিষয়ে অভিযোগ করার সাহস পাননি।
উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা মোজাহার আলী বলেন, এই নদীর তীরে তাঁর জোতের (পৈতৃক সূত্রে) দুই একর আবাদি জমি ছিল। কিন্তু অবৈধভাবে বালু তোলার ফলে এক একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। জমি রক্ষার জন্য তিন বছর আগে ইউএনওর কাছে আবেদন করেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
মোজাহার আলী আরও বলেন, তিন বছর আগে এখান থেকে বালু তোলার প্রতিবাদ করায় একদল লোক মুখোশ পরে পুলিশকে সঙ্গে নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করে। এরপর গ্রামের কেউ ভয়ে বালু তোলার বিষয়ে কথা বলে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘কোন কোন জায়গা থেকে বালু তোলা হচ্ছে, তা আমার জানা নেই। আপনার (প্রতিবেদক) কাছ থেকে অভিযোগ পেলাম। এর সত্যতা পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’