নিরাপত্তাকর্মী হামিদুর রহমান (৫৩) হাসিমুখে বের হচ্ছিলেন। হাতে মসুর ডাল, চিনি ও খেজুরের প্যাকেট। পণ্য নিয়ে বের হতে হতে বললেন, রোজা সামনে। বাজারে তেল, চিনি, ডাল সবকিছুর দামই বেশি। পত্রিকায় খবর দেখেছি ট্রাকে পণ্য বিক্রি হবে। সকালে ওয়ার্ড সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেছেন, এখানে এসে বিকেলের দিকে অপেক্ষা করতে। এসে বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি। আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়েই পণ্য পেয়েছি। ৬৯০ টাকায় কিনেছি পাঁচ পদ। কোনো কার্ড লাগেনি।
হামিদুর রহমান চট্টগ্রাম নগরের খাজা রোড আমিনের দোকান এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার বিকেলে খাজা রোড ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সামনে কথা হয় তাঁর সঙ্গে। সেখানে ট্রাকে করে পণ্য বিক্রি করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
হামিদুর রহমান পণ্য নিয়ে যাওয়ার সময় কথা হয় গৃহিণী নূর বেগমের সঙ্গে। তিনিও এসেছেন পণ্য নিতে। প্রায় ২০ মিনিট পর পণ্য নিয়ে চোখেমুখে হাসি নিয়ে তিনি বলেন, চিনি, তেল, ডালের সঙ্গে এবার ছোলা ও খেজুরও দিয়েছে। রোজার কয়েক দিন এ বাজার দিয়ে চলে যাবে। ছেলের একার আয়ে সংসার চলে না। এভাবে কম দামে পণ্য বিক্রি করলে সুবিধা হয়।
সরেজমিনে খাজা রোড এলাকায় দেখা যায়, ট্রাকের পেছনে সারি ধরেই পণ্য নিচ্ছেন ক্রেতারা। তবে গলির ভেতরে হওয়ায় ভোক্তাদের চলাচলে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। সারিতে থাকা ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গলির ভেতরে না হয়ে খোলা স্থানে হলে পণ্য নিতে সুবিধা হয় তাঁদের। এ ছাড়া সকালে পণ্য বিক্রি হলে আরও মানুষ কেনার সুযোগ পাবেন।
এদিন চট্টগ্রামের ৯টি ওয়ার্ডের ২০টি স্থানে টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হয়েছে। নগরের দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ, পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, পূর্ব ও পশ্চিম ষোলশহর, শুলকবহর, উত্তর পাহাড়তলী এবং উত্তর কাট্টলী ওয়ার্ডের দুটি করে স্থানে পণ্য বিক্রি হয়েছে। প্রতিটি স্থানে ৪০০ জন করে মোট আট হাজার ভোক্তার কাছে পণ্য বিক্রি হয়েছে। এর ছাড়া পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি করছে টিসিবি।
টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১৫ টাকা। প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম ১৬০ টাকা। এতে খরচ হবে ৬৯০ টাকা।
টিসিবি চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক ডিলারের আত্মীয় মারা যাওয়ায় প্রথম দিন বিক্রি শুরুতে দেরি হয়েছে। এ ছাড়া যানজটের কারণে গুদাম থেকে পণ্য নিতে দেরি হয়েছে। তবে খালি হাতে কাউকে ফিরতে হয়নি। আগামীকাল বুধবার ১১ থেকে ২০ নম্বর ওয়ার্ডে পণ্য বিক্রি হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।