সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পিএইচপি গেট এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তিনি নিহত হন। তাঁর পরিচয় জানা যায়নি।

বারআউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, আজ সকাল ১০টার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ ওই বৃদ্ধকে চাপা দিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় সামনের একটি চাকা খুলে সড়ক বিভাজকের ওপরে উঠে যায়  পিকআপটি। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

লাশটি মহাসড়কের পাশে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং পিকআপটি জব্দ করে।

মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র নিহত
এর আগে গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় মৃত্যু হয় এক মাদ্রাসাছাত্রের। তার নাম মো. সোহান (১০)। সে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকার মোজাহের হোসেনের ছেলে। সে পন্থিলাহ মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে মাদ্রাসা থেকে ফেরার পথে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের চাপায় আহত হয় সোহান। উদ্ধার করে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে মারা যায় সে।