সড়ক উন্নয়নকাজে ধীরগতি

গত এক বছরে প্রায় আট কিলোমিটার সড়কের উন্নয়নকাজের অগ্রগতি ৩০ শতাংশ। প্রকল্পের মেয়াদ শেষ হতে আর দুই মাসও নেই।

সড়ক উন্নয়নের কাজ শেষ না হওয়ায় যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। সম্প্রতি শেরপুর উপজেলার টুনিপাড়া এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা শহর থেকে কুসুম্বি ইউনিয়নের মুরাদপুর পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলছে ধীরগতিতে। এতে এলাকাবাসীর ভোগান্তি চরমে উঠেছে।

গত এক বছরে প্রায় আট কিলোমিটার সড়কের উন্নয়নকাজের অগ্রগতি ৩০ শতাংশ। প্রকল্পের মেয়াদ শেষ হতে আর দুই মাসও নেই।

উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-বগুড়া জাতীয় মহাসড়ক থেকে কুসুম্বি ইউনিয়নের মুরাদপুর পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলছে। এর দৈর্ঘ্য ৮ দশমিক ৩৫০ মিটার, প্রস্থ পাঁচ মিটার। রাজশাহী বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ১৫ লাখ ৫০ হাজার ১২১ টাকা।

সড়কটি উপজেলা পরিষদের ‘উপজেলা সড়ক’ হিসেবে তালিকাভুক্ত। এই সড়কের সঙ্গে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার যোগাযোগ রয়েছে। উন্নয়নকাজ সম্পন্ন হলে দ্রুত নাটোর ও রাজশাহী জেলার সঙ্গে কম সময়ে যাতায়াত করা যাবে। সড়কটি প্রশস্ত ৩ দশমিক ৭৭ মিটার। এই উন্নয়নের আওতায় সড়কের প্রশস্থ হবে পাঁচ মিটার। এতে সড়কের ওপর দিয়ে পাশাপাশি দুটি গাড়ি চলাচল করতে পারবে।

ঢাকার তেজগাঁয়ের নাখালপাড়ার ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কাজে ঠিকাদার। সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে ২০২২ সালের ১৫ মার্চ। কাজের মেয়াদ ২০২৩ সালের ৮ জুন। গত মার্চ পর্যন্ত উন্নয়নকাজের বিপরীতে বিল দেওয়া হয়েছে শতকরা আট ভাগ।

এই সড়কের উন্নয়নের তদারকি করছেন শেরপুর উপজেলার (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। তিনি বলেন, সড়কটির উন্নয়নের কাজ প্রায় এক বছর শেষ হতে চলেছে। এ পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে অন্তত ৩০ ভাগ। সড়কটির উন্নয়নকাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে জানানো হয়েছে।

তবে ঠিকাদারি ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, এ পর্যন্ত তাঁরা অন্তত ৪০ ভাগ কাজ করেছেন। নির্মাণসামগ্রীর দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ কারণে উন্নয়নকাজের আশানুরূপ অগ্রগতি করা যায়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শেরপুর সরকারি ডিগ্রি কলেজের পশ্চিম পাশে থেকে সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। সড়ক খুঁড়ে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচলে ভোগান্তি বেড়েছে।

উপজেলার কুসুম্বি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, তাঁর ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামের অন্তত ১৫ হাজার কৃষক এই সড়কের ওপর দিয়ে কৃষি পণ্য নিয়ে শেরপুরে বাজারে যান। এ ছাড়া তাঁর ইউনিয়নে ছোট-বড় বাজার রয়েছে অন্তত ১০টি। এ সব বাজারের ব্যবসায়ীরা মালামাল কেনেন শেরপুর পৌর শহর থেকে। এই ভাঙা সড়কের ওপর দিয়ে মালামাল বহন করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) লিয়াকত হোসেন বলেন, এক বছরে সড়কটির উন্নয়নে যে কাজ হয়েছে, তা আশানুরূপ নয়। এ নিয়ে ঠিকাদারপ্রতিষ্ঠানকে বেশ কয়েকবার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগাদা দেওয়া হয়েছে।