ভ্যান–বাস–রিকশায় ৫২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাকে নিয়ে সংবর্ধনায় জান্নাতুল
আলফাডাঙ্গা পৌরসভার নওপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে জান্নাতুল নাহার। ফরিদপুর শহর থেকে আলফাডাঙ্গা উপজেলা সদরের দূরত্ব ৫২ কিলোমিটার। শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার সকাল ছয়টার দিকে মাকে নিয়ে বাড়ি থেকে রওনা দেয় সে।
বাড়ি থেকে বের হয়ে ভ্যানে আলফাডাঙ্গা বাসস্ট্যান্ডে আসেন দুজন। সেখান থেকে বাসে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে নামেন। পরে রিকশায় প্রতিজন ৩০ টাকা ভাড়া দিয়ে আসেন ফরিদপুর উচ্চবিদ্যালয়ে। এখানেই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টায় অনুষ্ঠানস্থলে এসে আনন্দে আত্মহারা জান্নাতুল নাহার। অনুভূতির কথা জানতে চাইলে সে বলে, ‘সে কথা বলে বোঝাতে পারব না। কয়েক বছর ধরে দেখে আসছি, জিপিএ–৫ পেলে সম্মাননা দেয় শিখো–প্রথম আলো। আমি যখন ক্লাস নাইনে উঠি, তখন থেকে স্বপ্ন দেখছি, যে করেই হোক আমি সম্মাননা ক্রেস্ট অর্জন করব।’ উচ্ছ্বসিত জান্নাতুল বলল, ‘আজ আমার স্বপ্ন পূরণের দিন। মনে হচ্ছে, আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
সকাল ১০টায় ফরিদপুর উচ্চবিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল হলে জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রবীণ শিক্ষাবিদ আলতাফ হোসেন বলেন, ‘এত দিন তোমাদের পদচারণ ছিল ডোবা, খাল ও নদীতে। এবার তোমরা জ্ঞানের মহাসমুদ্রে এসে পড়েছ। এখানেই তোমাদের থামলে চলবে না। তোমাদের আরও এগিয়ে যেতে হবে।’
ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা এগিয়ে যাও, তোমরা সফল হও। সমগ্র বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রথম আলোর উপবার্তা সম্পাদক তুহিন সাইফুল্লাহ। কৃতী শিক্ষার্থীদের পক্ষে তিনজন ও একজন অভিভাবক অনুভূতি জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামী।
সাংস্কৃতিক পর্বে একক গান পরিবেশন করেন অদ্রিতা কুন্ডু। ডুয়েট গান পরিবেশন করেন ঐশ্বর্য ও নাইমা। দেশাত্মবোধক গান পরিবেশন করেন জেলা বন্ধুসভার তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মিঠুন দাস। সবশেষে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট লোকজ শিল্পী লাইলী বেগম।