আন্দোলনের মধ্যেই শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
সদ্য বিদায়ী উপাচার্যকে (ভিসি) পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে ১৫ দিন ধরে অচলাবস্থা বিরাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ে (চুয়েট)। তাঁদের আন্দোলনের মুখে এখন পর্যন্ত ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য। তবে ক্যাম্পাসে যেতে না পারলেও সংশ্লিষ্ট ব্যাংকে ই-মেইল করে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা আটকে দিয়েছেন তিনি।
গত ২৯ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিককে ই–মেইল করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন বন্ধ রাখার নির্দেশনা দেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। বেতন-ভাতা আটকে যাওয়ায় চুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে সামনে শারদীয় দুর্গোৎসব থাকায় বিপাকে পড়েছেন হিন্দুধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। তবে অধ্যাপক আবু সাদাতকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি শুরু করেন। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে না গিয়েই ২৪ সেপ্টেম্বর যোগদান করেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠিয়ে যোগদান করেছেন বলে জানান তিনি।
গত ২৯ সেপ্টেম্বর ই-মেইল পাওয়ার পর ৫ অক্টোবর সোনালী ব্যাংক চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিক নতুন উপাচার্যকে একটি ফিরতি ই-মেইল পাঠান। এতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার ও উপ-কম্পট্রোলারের স্বাক্ষরসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন বিল পেয়েছেন। এর জবাবে উপাচার্য আবার ই-মেইল দিয়ে জানান, উপাচার্যের পূর্বানুমোদন ছাড়া ব্যাংকে বেতনের বিল পাঠানো ‘অননুমোদিত ও বেআইনি’।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ই-মেইল পাওয়ার পর ৫ অক্টোবর সোনালী ব্যাংক চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিক নতুন উপাচার্যকে একটি ফিরতি ই-মেইল পাঠান। এতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার ও উপ-কম্পট্রোলারের স্বাক্ষরসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন বিল পেয়েছেন। এর জবাবে উপাচার্য আবার ই-মেইল দিয়ে জানান, উপাচার্যের পূর্বানুমোদন ছাড়া ব্যাংকে বেতনের বিল পাঠানো ‘অননুমোদিত ও বেআইনি’।
ই-মেইলে উপাচার্য উল্লেখ করেন, চুয়েট আইন ২০০৩-এর ধারা ১৩(৭) অনুযায়ী উপাচার্যের সুস্পষ্ট অনুমোদন ছাড়া যেকোনো আর্থিক লেনদেন আইনত অবৈধ। এই অননুমোদিত লেনদেনের ফলে কোনো আর্থিক অনিয়ম, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা আইনি জটিলতা সৃষ্টি হলে এর জন্য উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আইনগত, প্রশাসনিক বা আর্থিক দায়ভার বহন করবে না। অনুমোদনবিহীন এসব নথি প্রস্তুত ও প্রেরণের মাধ্যমে যে লঙ্ঘন ঘটেছে, তার একক ও সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ওই দুই কর্মকর্তার ওপরই বর্তাবে। পাশাপাশি এর জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষও দায়ী থাকবে।
জানতে চাইলে সোনালী ব্যাংক চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিক ই-মেইলের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উপাচার্যের ই-মেইলের পর বেতন বন্ধ রাখা হয়েছে। উনি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক-উপমহাব্যবস্থাপক সবাইকে জানিয়ে মেইল করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, সেখান থেকে সমাধান আসবে।’
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রথম আলোকে বলেন, 'আমি কম্পট্রোলারসহ সংশ্লিষ্টদের সভার জন্য ডেকেছিলাম। কিন্তু তাঁরা কেউ আসেননি। পরে আমি ব্যাংকের ব্যবস্থাপককে মেইল দিয়েছি। সেখানে বলা হয়েছে, এই লেনদেনের ফলে কোনো আর্থিক অনিয়ম, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা আইনি জটিলতা সৃষ্টি হলে এর জন্য উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আইনগত, প্রশাসনিক বা আর্থিক দায়ভার বহন করবে না। এই মেইল দেখেই ব্যাংক কর্তৃপক্ষ বেতন স্থগিত রেখেছে।’
আমি কম্পট্রোলারসহ সংশ্লিষ্টদের সভার জন্য ডেকেছিলাম। কিন্তু তাঁরা কেউ আসেননি। পরে আমি মেইল দিয়েছি ব্যাংকের ব্যবস্থাপককে।শেখ শরীফুল আলম, উপাচার্য, চুয়েট
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম প্রথম আলোকে বলেন, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন-বোনাস পরিশোধে উপাচার্যের স্বাক্ষরের প্রয়োজন হয় না। যদি কারও বেতন বৃদ্ধি বা পদোন্নতি হয়, তখন উপাচার্যের স্বাক্ষরের প্রয়োজন হতে পারে। এত দিন এভাবেই বেতন-ভাতা পরিশোধ হয়ে আসছিল।’
তবে চুয়েটে এত দিন যেভাবে বেতন উত্তোলন করা হয়েছে, সেটিকে আইনত অবৈধ বলে দাবি করেছেন উপাচার্য শেখ শরীফুল আলম। প্রথম আলোকে তিনি বলেন, ‘এত দিন যেভাবে বেতন নিয়ে আসা হচ্ছিল, তা আইনত বৈধ নয়। নিয়ম অনুসারে উপাচার্যের অনুমতি নিতে হয়। কিন্তু এত দিন এই নিয়ম মানা হয়নি।’
বেতন-ভাতা আটকে যাওয়া প্রসঙ্গে চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির প্রথম আলোকে বলেন, ‘চুয়েটের চিরাচরিত নিয়মানুসারে কম্পট্রোলারের মাধ্যমেই সেপ্টেম্বর মাসের বেতন বিল পাঠানো হয়েছিল। কিন্তু উপাচার্যের হস্তক্ষেপে এখন পর্যন্ত কেউ বেতন পাননি।’ তিনি বলেন, ‘নতুন উপাচার্য হয়তো তাঁর ক্ষমতা প্রদর্শনের জন্য বেতন আটকে রেখেছেন। এত দিন যেভাবে বেতন নেওয়া হচ্ছিল, তা যদি নিয়মের বাইরে হয়, তাহলে উনি এ পর্যন্ত যাঁরা যত বেতন নিয়েছেন, সব কেটে নিক। সবাই তো কর্মবিরতিতে আছেন, উনার সঙ্গে সভা করতে যাবেন কেন।’