‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে সরকারদলীয় লোকজন এটি প্রভাবিত করতে পারে। কাজেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরে যাওয়া বাঞ্ছনীয় হবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে সব দলকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সরকার গঠন এবং নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তবে বর্তমান সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করি না।’
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা এলাকায় দলের প্রেসিডিয়াম সদস্য এস এম আবদুল মান্নানের বাসভবনে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক, প্রেসিডিয়াম সদস্য এস এম আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন মিলন, প্রেসিডিয়াম সদস্য আসুদুর রহমান, সংসদ সদস্য আসিফ শাহরিয়ার, সংসদ সদস্য আদিলুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল। এর একটি বৈশিষ্ট্য এবং অতীত ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ১৯৯০–এর আগে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে আমরা প্রায় ৯ বছর দেশ পরিচালনা করেছি। তখন দেশে সুশাসন, আইনের শাসন ও ন্যায়বিচার ছিল। পরবর্তী সময়ে এসবের আর উন্নতি হয়নি বরং দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। পরবর্তী সরকারগুলো গণতন্ত্র রক্ষা করেনি। ধীরে ধীরে এ দেশকে একনায়কতন্ত্রের দিকে নিয়ে গেছে। এখন দেশ পুরোপুরি একনায়কতন্ত্রে পরিণত হয়েছে। দুর্নীতি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশে এখন দুর্নীতি ছাড়া কিছু নেই। রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনার প্রথম কথা হয়েছিল বৈষম্য দূর করা। ধনী ও দরিদ্রের মধ্যে সেই বৈষম্য দিন দিন আরও বাড়ছে। এ ছাড়া সরকারি দল ও বেসরকারি দলের মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। সরকারি দলের লোকজন বিভিন্নভাবে ধনী হচ্ছেন এবং বাকি লোকেরা বঞ্চিত হচ্ছেন। বৈষম্য তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। দেশের মালিক জনগণ। জনগণই তাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত করবে। এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম উপাদান। এখন সেটাও ভূলুণ্ঠিত হচ্ছে।’
জি এম কাদের বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩০০ আসনেই প্রার্থী ঠিক করছি এবং সেভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের আগে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব। জাতীয় পার্টি একটি বিশাল রাজনৈতিক দল। প্রতিটি নির্বাচনী এলাকায় আমাদের সমর্থক ও সংগঠন আছে। আমরা সেগুলো সামনে রেখে প্রার্থী দিয়ে দলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আমরা সংসদে এবং বাইরে অনেকবার বলেছি, দেশের অনেক টাকা বিদেশে পাচার হয়েছে। এটা বর্তমান সরকারের একটা বড় ব্যর্থতা। অর্থ পাচার বন্ধে তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। এ ছাড়া পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে আন্তরিকভাবে চেষ্টা করেছে বলে আমরা বিশ্বাস করি না।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে জি এম কাদের বলেন, ‘দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের জোরালো ভূমিকা লক্ষ করি না। বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ বিভিন্ন কারণে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্ত মানুষকেও এখন ট্রাকের পেছনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিতে হচ্ছে। তাদের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। ডলারের দামের অবমূল্যায়ন হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়লেও সাধারণ মানুষের আয় বাড়ছে না। অনেকের আয় কমে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে।’
এখন বর্তমান সরকার যে পদ্ধতিতে দেশ পরিচালনা করছে, তা ঔপনিবেশিক পদ্ধতি বলে মন্তব্য করেন জি এম কাদের। তিনি বলেন, ‘ব্রিটিশ বা পাকিস্তানি সাম্রাজ্যবাদ পদ্ধতিতে দেশ চলছে। শাসনের নামে শোষণের জন্য যে পদ্ধতি ব্যবহার করত, আমরা সেই পদ্ধতিতে চলে গেছি। জনগণের প্রতিনিধিদের মাধ্যমে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কার্যকর করতে হবে।’