নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন
নাটোরের ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত দুজন হলেন মো. আলামিন (২৫) ও আনিছুর রহমান (২৬)। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গুরুদাসপুরের ধারাবারিষা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আজ শুক্রবার বিকেলে ডিবি পুলিশ এ কথা জানিয়েছে।
এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানকে (মিন্টু)। তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সন্ধ্যা পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতে থাকার কথা।
জেলা ডিবি সূত্রে জানা গেছে, শাকিল হত্যার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুরের ধারাবারিষা গ্রাম থেকে আলামিন ও আনিছুরকে আটক করা হয়েছে। তাঁদের নাটোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। নূরুজ্জামানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই–বাছাই করার জন্য এ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবির একটি সূত্র জানায়, শাকিল হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে, এমন কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছেন পুলিশ হেফাজতে থাকা নূরুজ্জামান। আটককৃতরা তাঁদের দুজন। তবে আটক দুজনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না, তা সূত্রটি তদন্তের স্বার্থে বলতে অপারগতা জানিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম শুক্রবার বিকেল সাড়ে চারটায় এ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে তাঁদের শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা নিশ্চিত করেননি।
জানতে চাইলে নাটোর জেলা বিএনপির সদস্য ও গুরুদাসপুরের বাসিন্দা আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন আগে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেল হোসাইনের অনুসারী। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁদেরকে নূরুজ্জামানের সঙ্গেও চলাফেরা করতে দেখা যেত।
এদিকে পুলিশ হেফাজতে থাকা নূরুজ্জামানের কাছ থেকে কী জানা গেছে বা তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন কি না, জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, এসব ব্যাপারে শেষ মুহূর্তের আলোচনা চলছে। এখনই বলা যাবে না। নূরুজ্জামানের আবারও রিমান্ড চাওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।
এ ছাড়া ছাত্রদল নেতা শাকিল হত্যা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে জরুরি সভায় করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান।
গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার তাঁর মৃত্যু হয়। হামলার পর শাকিলের বাবা রবিউল করিম ১৯ অক্টোবর অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন। শাকিলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। এ মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।