গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুএআইয়ের তৈরি

গাইবান্ধা সদর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশুর নাম অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপূর্ব চন্দ্র (৪)। অনুরুদ্ধ ওই গ্রামের নরেশ চন্দ্রের ছেলে এবং অপূর্ব একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বাদিয়াখালী ইউপির সদস্য ছানা মিয়া। তিনি স্থানীয় লোকজনের বরাত দিয়ে মুঠোফোনে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব, অনুরুদ্ধসহ কয়েকটি শিশু খেলছিল। এরই মধ্যে অনুরুদ্ধ ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। অন্য শিশুরা খেলার এক পর্যায়ে নিজ বাড়িতে চলে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, অপূর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল মামুন বলেন, বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।