মাদকের সাজানো মামলায় আসামিকে খালাস, বাদী-তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মামলার রায়ে আসামি আবদুর রহমানকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার কারণ ব্যাখ্যা করতে মামলার বাদী, তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের ২৪ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত আবদুর রহমান উখিয়া উপজেলা জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের মো. ফরিদের ছেলে।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মোজাফফর আহমদ হেলালী বলেন, ওই মামলায় আসামিপক্ষে দুজনের সাফাই সাক্ষ্য গ্রহণ করেন আদালত। তাঁরা হলেন উখিয়ার ইনানীর পূর্ব নুরার ডেইলের নজির আহমদের ছেলে সানাউল্লাহ ও বড় ইনানী এলাকার বাদশা মিয়ার ছেলে নুরুল আমিন রানা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে কলাতলীর শুকনাছড়ি এলাকার মেরিন ড্রাইভ–সংলগ্ন মনছুর কুলিং কর্নারের সামনে থেকে আবদুর রহমান ও নুরুল আমিনকে ১০ হাজার ইয়াবাসহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের পরিদর্শক জীবন বড়ুয়া। ইয়াবাগুলো রহমানের হাতে থাকা শপিং ব্যাগে ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। একই বছরের ২৮ ফেব্রুয়ারি মামলা থেকে নুরুল আমিনকে বাদ দেওয়ার আবেদন জানিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিদর্শক কামরুজ্জামান। মামলায় ছয়জনকে সাক্ষী করা হয়।

সাক্ষীরা হলেন মামলার বাদী জীবন বড়ুয়া, তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান, সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলাম ও সিপাহি আবুল কালাম আজাদ এবং শুকনাছড়ি মনছুর কুলিং কর্নারের মালিক মনছুর আলম ও তাঁর বাবা নুরুল হাকিম। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আবদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাফফর আহমদ বলেন, জীবন বড়ুয়ার করা মামলার ছয় সাক্ষীর মধ্যে চারজনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা–কর্মচারী। সাফাই সাক্ষীর সাক্ষ্য, তদন্ত কর্মকর্তার অভিযোগপত্র, মামলার এজাহার ও সাক্ষীদের জবানবন্দি শুনে আদালতের মনে হয়েছে, মামলাটি সাজানো। এ জন্য মামলার একমাত্র আসামি আবদুর রহমানকে খালাস দিয়েছেন আদালত। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই চার কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কেন নেওয়া হবে না, জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত। অভিযুক্ত ব্যক্তিদের ২৪ সেপ্টেম্বরের মধ্যে সশরীর আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। রায় ঘোষণার সময় আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘মাসে দুই–তিনটি চার্জশিট আদালতে দাখিল করতে হচ্ছে। কোন মামলার চার্জশিটে কী লেখা রয়েছে, এ মুহূর্তে মনে নেই। আদালতের আদেশের কাগজ হাতে পাইনি। পেলে আদেশ অনুযায়ী কাজ করব।’

মামলার বাদী পরিদর্শক জীবন বড়ুয়া বলেন, ‘আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। যথাসময়ে আদালতে গিয়ে ব্যাখ্যা দেওয়া হবে।’