কুষ্টিয়ায় হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কা, ছিটকে পড়ে ছাত্রদল নেতা নিখোঁজ
কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে পড়ে ছাত্রদলের এক নেতা নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় নদীতে পড়া আরও দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তির নাম রাকিবুজ্জামান রকি (৩২)। তিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব।
উপজেলা প্রশাসন ও নৌভ্রমণে আসা যাত্রীদের সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল বাল্কহেডে করে নৌভ্রমণে বের হয়। ভেড়ামারার গোলাপনগর এলাকা ঘুরে ফেরার পথে রাত ৯টার দিকে হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছায় তাঁরা। একপর্যায়ে তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে তিনজন নদীর পানিতে পড়ে যান।
পরে অন্য যাত্রীরা লিটন ও ওহাব নামের দুজনকে উদ্ধার করে তীরে তোলেন। তাঁরা সুস্থ আছেন। রাকিবুজ্জামান এখনো নিখোঁজ। ঘটনার পর ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্য ও নৌ পুলিশ সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।
রাকিবুজ্জামানের বন্ধু আনিসুজ্জামান বলেন, ‘রাকিবুজ্জামান যখন নৌকা থেকে পড়ে গেল, আমি তাঁকে ধরতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি সামর্থ্যবান ছেলে। সাঁতারে যথেষ্ট দক্ষতা আছে, আশা করছি ফিরে আসবে।’
রাতে উদ্ধারকাজ কিছুটা কঠিন ছিল। রাকিবুজ্জামানকে উদ্ধারে বিভিন্ন ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।আমিরুল আরাফাত, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
রাকিবুজ্জামানকে উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি ইউনিট কাজ করছে বলে জানান ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।
রাতে উদ্ধারকাজ কিছুটা কঠিন ছিল জানিয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত প্রথম আলোকে বলেন, রাকিবুজ্জামানকে উদ্ধারে বিভিন্ন ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।