খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির সব নেতার নামে মামলা
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার নতুন কমিটির সব নেতার নামে মামলা করেছে পুলিশ। এ ছাড়া একই মামলায় জেলা আওয়ামী লীগের এক নেতা এবং অজ্ঞাতনামা ৩০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এর আগে ১৬ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষণার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৯ সদস্যদের কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং জিৎজয় ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করা হয়।
পুলিশ জানায়, কমিটি গঠনের পর ২১ এপ্রিল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জড়ো হন জেলা শাখার নেতারা। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এর নেপথ্যে কাজ করেছেন। বিষয়টি জানতে পেরে গতকাল খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির ৩৯ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০-৩০ জনকে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।