গাজীপুরে রেললাইন থেকে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় রেললাইনে এক নারীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। স্থানীয় মানুষের মাধ্যমে খবর পেয়ে আজ সোমবার সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয় লোকজন। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। চেক জামা ও সবুজ পায়জামা পরা ছিল তাঁর।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা-রাজশাহী রেললাইনের ভুরুলিয়া তিতাস গ্যাস অফিসের পেছনে রেললাইনে ক্ষতবিক্ষত লাশটি পড়ে ছিল। এলাকাবাসী আজ সকালে লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল আটটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রেললাইন অতিক্রম করার সময় কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।