টেকনাফে পাহাড়ে মুখোশধারী সন্ত্রাসীদের হাতে একজন অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফে অপহরণের শিকার সোনা আলী
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সোনা আলী (৩৫) নামের একজনকে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে পানবরজে কাজ করার সময় তিনি অপহরণের শিকার হন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, আজ সকালে সোনা আলী পানবরজে কাজ করতে যান। হঠাৎ মুখোশধারী কিছু লোক অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে সোনা আলীকে নিয়ে গহিন পাহাড়ে দিকে চলে যায়। এখন পর্যন্ত সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনো ধরনের মুক্তিপণ দাবি করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা টাকার জন্য স্থানীয় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। সোনা আলীকেও তারা অপহরণ করেছে। আগেও ওই পাহাড়ের বিভিন্ন স্থান থেকে স্থানীয় লোকজনকে অপহরণের ঘটনা ঘটেছে। এটা তাদের বাণিজ্যে পরিণত হয়েছে। এ নিয়ে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি অপহরণের বিষয়টি শুনেছেন। দুপুর পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। এরপরও বিষয়টি মাথায় রেখে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত সাড়ে ৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৮৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৫ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৪৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৪০ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।