চট্টগ্রামের সীতাকুণ্ডে খামারে আগুন, ২৩টি গরু-ছাগল পুড়ে ছাই
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় আগুনে পুড়ে একটি খামারের ১০টি গরু ও ১৩টি ছাগল ছাই হয়ে গেছে। একই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি দোকান। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া খামারটির নাম ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’। খামারের মালিক হাবিবুর রহমান জানান, তাঁর খামারে ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। রাতে খামারের পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় খামারের একটি গরু বের করা সম্ভব হলেও বাকি গরু-ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় পৌনে দুই ঘণ্টা পর ঘটনাস্থলে এসেছেন। ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’
জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এর মাধ্যমে ঘটনার বিষয়ে জেনেছে ফায়ার সার্ভিস। এরপর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে রওনা দেয় ফায়ার সার্ভিসের দল। ঘটনাস্থল প্রায় ১৬ কিলোমিটার দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ঘটনাস্থলে গ্যাসের সিলিন্ডার পাওয়া যায়নি।’