শুধু খনন নয়, অবৈধ দখলদারদের উচ্ছেদও করব: আইনমন্ত্রী
যে বা যাঁরা নদী, খাল, বিল জমির অবৈধ দখলদার আছেন, তাঁরা কেউ থাকবেন না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোড়াগাছা থেকে হাশিমপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখননকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল, বিল এগুলো খনন করব। শুধু খনন নয়, অবৈধ দখলদারদের উচ্ছেদও করব।’
এক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান, এনসিপির নেতারা অভিযোগ করছেন যে বিএনপি ভোটের আগে গণভোটের প্রচার করলেও এখন সেটাকে অবৈধ বলছে। একই ভোটের গণভোটকে অবৈধ বলা হচ্ছে, আবার সেই ভোটেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে গেছেন বিএনপির নেতারা। এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘প্রথমত এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছেন। আমরা পার্লামেন্টে এর জবাব দিব। ওনাদের এই অভিযোগটা সঠিক নয়। আমরা বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সাথে নিয়ে জুলাই সনদের আলোকে পথ হেঁটে যাব। এখানে কোনো ইমোশনের জায়গায় নাই। ইমোশন ও আইন দুটোকে একসঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’
অনেক মামলাজটে দেশের সাধারণ মানুষ জর্জরিত, এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট ভুক্তভোগী, বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে কার্যকরী যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাব চেষ্টা করব সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করা হবে। অযৌক্তিকভাবে যেসব বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সারা দেশব্যাপী নদ, নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখননকাজের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর আগে সোমবার দুপুরে এ উপলক্ষে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া–১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ (বাচ্চু), কুষ্টিয়া–৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সদস্যসচিব জাকির হোসেন সরকার ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ (রুমী) প্রমুখ।