যশোরের দুটি সড়ক
কাজ শেষ না করায় দুর্ভোগ
অভয়নগর উপজেলার এ দুটি সড়কের কাজ দুই বছর আগে শেষ করার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি।
যথাসময়ে শেষ না করায় যশোরের অভয়নগর উপজেলার দুটি গ্রামীণ সড়ক পাকা করার কাজ বাতিল করেছে এলজিইডি। কাজ শেষ না করলেও ঠিকাদার জামানতের টাকা এবং একটি সড়কের কাজের কিছু বিল তুলে নিয়েছেন। এতে সরকারের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু তা–ই নয়, ওই সড়কগুলোর কাজ না করায় অভয়নগর উপজেলার দুই ইউনিয়নের অর্ধলাখ মানুষ এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
সড়ক দুটি হলো উপজেলার প্রেমবাগ ইউপি-মাগুরা জিসি রোড এবং চেঙ্গুটিয়া বাজার-শ্রীধরপুর ইউপি অফিস রোড। ঠিকাদার-এলজিইডির টানাপোড়েনের সুযোগে জামানত তুলে নিয়ে সড়ক দুটির কাজ শেষ করেননি ঠিকাদার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অভয়নগর কার্যালয় সূত্র জানায়, ৬ কোটি ৪৫ লাখ ৪২ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে এলজিইডি যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জেআরআরআইডিপি) আওতায় এ দুটি সড়ক পাকা করার উদ্যোগ নেয়। এর মধ্যে ৪ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ২৬৬ টাকা ব্যয়ে প্রেমবাগ ইউপি-মাগুরা জিসি রোডের ৪ দশমিক ৩০৫ কিলোমিটার এবং ২ কোটি ৬ লাখ ৮৭ হাজার ৭১০ টাকা ব্যয়ে চেঙ্গুটিয়া বাজার-শ্রীধরপুর ইউপি অফিস রোডের ২ দশমিক ৩৭০ কিলোমিটার পাকা করার কাজ পায় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস ট্রেডার্স। এর মধ্যে প্রথম সড়কের কাজ ২০২০ সালের ১৮ অক্টোবর শুরু হয়ে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা এবং দ্বিতীয় সড়কের কাজ ২০২০ সালের ১৮ অক্টোবর শুরু হয়ে ২০২১ সালের ১৭ জুন শেষ হওয়ার কথা।
দরপত্রের মাধ্যমে কাজ পাওয়ার পর সড়ক দুটির কাজ শুরু করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু কয়েক মাস কিছু কাজ করার পর আর এগোয়নি। এ অবস্থায় কাজের সময়সীমা পার হয়ে যায়। তবে কাজ না করলেও ঠিকাদার সড়ক দুটির কাজের জামানতের প্রায় ৩২ লাখ ২৭ হাজার ১৪৮ টাকা তুলে নেন। দরপত্রের নিয়মানুযায়ী, জামানতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা।
এলজিইডি যশোর কার্যালয় সূত্র জানায়, নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে ঠিকাদার কাজের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেন। কিন্তু কাজের সময়সীমা বাড়ানোর আগে ঠিকাদারের জামানতের মেয়াদ বাড়াতে হয়। সড়ক দুটির কার্য সম্পাদন জামানতের মেয়াদ ছিল ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে ঠিকাদার সড়ক দুটির মাত্র ৫ শতাংশ কাজ করেছেন। তিনি সড়ক দুটির কাজের সময়সীমা বাড়ানোর কোনো আবেদন করেননি। তাঁকে সম্পাদিত কাজের ১৮ লাখ ৩০ হাজার টাকা বিল দেওয়া হয়। ঠিকাদার সড়ক দুটির কার্য সম্পাদন জামানতের বিপরীতে ব্যাংক গ্যারান্টি দিয়েছিলেন মধুমতি ব্যাংক পাবনা শাখা থেকে।
সূত্র জানায়, জামানতের বিপরীতে দেওয়া ব্যাংক গ্যারান্টি নগদায়ন করে সরকারি কোষাগারে জমা দেওয়ার লক্ষ্যে গত বছরের অক্টোবরে মধুমতি ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপককে কয়েকবার চিঠি দেওয়া হয়। কিন্তু ব্যাংক থেকে চিঠি দিয়ে জানানো হয়, সড়ক দুটির কার্য সম্পাদন জামানতের সময়সীমা শেষ হওয়ায় ব্যাংক গ্যারান্টি নগদায়নের কোনো সুযোগ নেই। সর্বশেষ গত নভেম্বরে ব্যাংক গ্যারান্টি নগদায়নের জন্য বলা হয়। কিন্তু ব্যাংক কার্য সম্পাদন জামানতের বিরুদ্ধে দেওয়া ব্যাংক গ্যারান্টি নগদায়ন করেনি। এ অবস্থায় গত ২ এপ্রিল সড়ক দুটির কাজ বাতিল করে দেয় এলজিইডি।
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস ট্রেডার্সের স্বত্বাধিকারী তাজুল ইসলাম বলেন, ‘আমি একটি পক্ষকে দিয়ে কাজ দুটি করাচ্ছিলাম। তারা ঠিকমতো কাজ করেনি। আমাকে তারা বিষয়টি জানায়নি। পরে কাজ বাতিল করার পর আমি বিষয়টি জেনেছি।’
এলজিইডির যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমি এখানে আসার আগেই ঘটনাটি ঘটেছে। ঠিকাদার কীভাবে জামানতের টাকা তুলে নিয়েছেন, ঠিক জানি না। তবে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। কাজ দুটি বাতিল করা হয়েছে। টাকা আদায়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়ক দুটির কাজ নতুনভাবে করার জন্য প্রাক্কলন তৈরি করা হচ্ছে।’
সড়ক দুটির কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় লোকজন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রেমবাগ ইউপি-মাগুরা সড়কটির বেশির ভাগ অংশ এবড়োখেবড়ো হয়ে আছে। জায়গায় জায়গায় ছোট-বড় খানাখন্দ। সড়কের কিছু অংশে ইট বিছানো ছিল। এখন ইট উঠে ছড়িয়ে–ছিটিয়ে আছে। কোথাও কোথাও কোনো ইট নেই।
চেঙ্গুটিয়া বাজার-শ্রীধরপুর ইউপি অফিস সড়কে গিয়ে দেখা গেছে, সড়কটির রাঙ্গার হাটের পশ্চিম পাশ থেকে মথুরাপুর মোড়লপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক খুঁড়ে ইটের খোয়া ও বালু দিয়ে ফেলে রাখা হয়েছে। সড়কের ওই অংশ সমান করা হয়নি। সড়কের অবশিষ্ট অংশ উঁচু–নিচু হয়ে আছে। সড়কের কোথাও কোথাও ছোট–বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।