ত্রিশালের বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মঠবাড়ী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন হত্যার মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী পীযূষ কান্তি সরকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, সেলিম মিয়া, রুবেল, ইদ্রিস ও সোহাগ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোফাজ্জল হোসেন ও দুলাল। মামলার রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

অজ্ঞাত আসামিদের নামে মামলা হয়। তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই।

২০১৮ সালের ৩ জুলাই মঠবাড়ী গ্রামে নিজের মাছের খামার থেকে আবদুল মতিনের লাশ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও মঠবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি আবদুল মতিন মাস্টার নামে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষ, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে একাধিকবার মানববন্ধন করেন।

এ হত্যার ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে মামলা হয়। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে। তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই।

পিবিআইয়ের তদন্তে বের হয়ে আসে আবদুল মতিন হত্যার রহস্য। মূলত ত্রিশাল উপজেলায় একদল জমির দালাল নিজেদের স্বার্থে আবদুল মতিনকে হত্যা করেন। ওই দালালেরা গ্রামের নিরীহ মানুষকে ঠকিয়ে জমি কেনাবেচার কাজ করছিলেন। আবদুল মতিন সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করতেন। এতে দালালদের জমির ব্যবসায় ক্ষতি হওয়ায় আবদুল মতিনকে রাতের আঁধারে হত্যা করে তাঁর লাশ পুকুরে ফেলে রেখে যান।

আজ রায় ঘোষণার পর আবদুল মতিনের ছেলে মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের আশা ছিল সব আসামির সর্বোচ্চ দণ্ড হবে। কিন্তু ছয়জনের সর্বোচ্চ দণ্ড হলেও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় এ রায়ে খুশি হয়েছি।’