সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে পুলিশ ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির ‘ঝ’ বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতি থামানো হয়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন অপেক্ষমাণ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে বেশ কিছু সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ট্রেনের চারটি বগিসহ ট্রেনটির ইঞ্জিন দুপুর ১২টা ২০ মিনিটে সয়দাবাদ স্টেশনে আনা হয়েছে। বাকি বগিগুলো টেনে জামতৈল স্টেশনের দিকে নেওয়ার চেষ্টা চলছে। এর মধ্যে উদ্ধারকারী ট্রেন চলে আসবে। বর্তমানে নীলসাগর ট্রেনটি এই স্টেশনে আটকা পড়েছে।মনিরুজ্জামান , স্টেশন মাষ্টার
এদিকে লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করা হচ্ছে।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান বলেন, সিল্কসিটি ট্রেনটিতে ১৪টি বগি ছিল। এর মধ্যে ‘ঝ’ বগিটি লাইনচ্যুত হয়েছে। যে কারণে সামনে থেকে ট্রেনের চারটি বগিসহ ট্রেনটির ইঞ্জিন দুপুর ১২টা ২০ মিনিটে সয়দাবাদ স্টেশনে আনা হয়েছে। বাকি বগিগুলো টেনে জামতৈল স্টেশনের দিকে নেওয়ার চেষ্টা চলছে। এর মধ্যে উদ্ধারকারী ট্রেন চলে আসবে। বর্তমানে নীলসাগর ট্রেনটি এই স্টেশনে আটকা পড়েছে।
ট্রেনটি উদ্ধারের জন্য বেলা ১১টা ২০ মিনিটে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা করেছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই উদ্ধারকাজ শুরু করা সম্ভব হবে।হাসিনা খাতুন, পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা
উল্লাপাড়া স্টেশনের স্টেশনমাস্টার আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘এখনো পর্যন্ত কোনো ট্রেন উল্লাপাড়া স্টেশনে এসে অপেক্ষমাণ নেই। তবে জানতে পেরেছি, অনেক স্টেশনে ট্রেন অপেক্ষমাণ আছে।’
লাইনচ্যুত ট্রেন ও এর যাত্রীদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে রেলওয়ে পুলিশের একটি দল সেখানে দায়িত্ব পালন করছেন বলে জানান সিরাজগঞ্জ স্টেশন বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম।
রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ট্রেনটি উদ্ধারের জন্য বেলা ১১টা ২০ মিনিটে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা করেছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই উদ্ধারকাজ শুরু করা সম্ভব হবে। অবশ্যই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’