সুবর্ণচরে ৫ শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ ওঠা সাবেক ইউপি সদস্যের বিচার দাবি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমিজমার বিরোধে পাঁচ শিশুকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মহিলা সদস্যের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে চরজব্বর থানা-সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘সবুজ বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন।
অভিযুক্ত ওই নারীর নাম মমতা বেগম ওরফে রুপা। তিনি উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের নজরুল ইসলামের স্ত্রী ও সাবেক মহিলা ইউপি সদস্য। তাঁর বিরুদ্ধে জমিজমার বিরোধে ১৬ ডিসেম্বর বিকেলে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে দেবরদের সন্তানদের কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মানববন্ধন উপলক্ষে আজ সকাল থেকে আয়োজক সংগঠনের প্রতিনিধি ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও চরবাটা ইউনিয়নের তোতারবাজার এলাকার বাসিন্দারা চরজব্বর থানার সামনে মুক্তিযোদ্ধা চত্বরে জড়ো হতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মানববন্ধন শুরু করেন। মানববন্ধনে আয়োজক সংগঠনের নেতারা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে ১৬ ডিসেম্বর বিকেলে চরবাটা ইউপির সাবেক নারী ইউপি সদস্য মমতা বেগম তাঁর দেবরদের পাঁচ শিশুকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন। ওই শিশুদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল তিনজনকে আসামি করে চরজব্বর থানায় মামলা করা হয়েছে। কিন্তু মামলার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক।
বক্তারা আরও বলেন, ঘটনার দিন রাতে অভিযুক্ত মমতা বেগম নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু থানায় অভিযোগ না করার অজুহাত দিয়ে পুলিশ তাঁকে আটক করেনি। এ সুযোগে মমতা বেগম ও তাঁর দুই সহযোগী আত্মগোপন করার সুযোগ পেয়েছেন। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাশ প্রথম আলোকে বলেন, পাঁচ শিশুকে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের ধরতে ইতিমধ্যে একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।