লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ রুবেল মৃধা নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাতে রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রুবেল রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে। ওই কমিটি প্রায় সাত বছরের পুরোনো। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউদেরখিল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন জেলায় পাঁচটি মামলা বিচারাধীন বলে জানিয়েছে পুলিশ।

রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত বলেন, রুবেল কলেজ ছাত্রলীগের কেউ নন। একটি চক্র তাঁদের কমিটিতে রুবেলের নাম লাগিয়ে ফেসবুকে প্রচারণা করেছিল। এর আগেও তিনি কুমিল্লায় পুলিশের হাতে ধরা পড়েছিলেন। ওই সময়ও রুবেলের কারণে তাঁরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, রুবেল আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি মামলা বিচারাধীন। চোরাই মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ দিনে জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল, অটোরিকশাসহ চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।