পাহাড়ের ঢাল, রাস্তার পাশে সারা বছর সবজির চাষে ব্যস্ত তাঁরা
পাহাড়ের ঢাল, বাড়ির আঙিনা কিংবা রাস্তার পাশে—কোথাও পড়ে নেই একটুকরা জমি। সবখানেই চাষ হচ্ছে নানা ধরনের সবজি। একটি ফসল তোলার আগেই শুরু হয় পরের ফসলের প্রস্তুতি। এভাবেই সারা বছর আগাম সবজি চাষে ব্যস্ত থাকেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমড়া গ্রামের কৃষকেরা।
গোমড়া গ্রামের কৃষক আবুল কাশেম (৫৫) গত আগস্টের মাঝামাঝি পাহাড়ের ঢালে ৩০ শতাংশ জমিতে আগাম জাতের শিম চাষ করেন। বাঁশ ও সুতার জাল দিয়ে মাচা তৈরি, সার–কীটনাশকসহ তাঁর খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। চারা রোপণের ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ফলন আসতে শুরু করে। এরপর থেকে পাঁচ দিন পরপর খেত থেকে সাত থেকে আট মণ শিম তুলছেন তিনি।
শুরুতে প্রতি কেজি শিম ২০০ টাকা দরে বিক্রি করেছেন আবুল কাশেম। এ পর্যন্ত ৬০ থেকে ৭০ হাজার টাকার শিম বিক্রি করেছেন। বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। আরও দেড় থেকে দুই মাস শিম বিক্রি করতে পারবেন বলে আশা তাঁর। জমি প্রস্তুত, সেচ, সার ও কীটনাশক ব্যবহারের কাজে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্য সহযোগিতা করেন।। ছবি: প্রথম আলো
আবুল কাশেম বলেন, ‘পাঁচ দিন পরপর বিকেলে গাছ থেকে শিম তুলি। পরদিন ভোরে সীমান্ত সড়কের গারোকোনা বাজারে নিয়ে বিক্রি করি। পরিশ্রম আছে, তবে সবজি চাষে লাভও ভালো।’ এ বছর সব খরচ বাদ দিয়ে তাঁর লাখখানেক টাকা লাভ হবে। এ ছাড়া সারা বছর জমি খালি থাকে না। কোনো না কোনো সবজি চাষ হতেই থাকে।
শিমের আবাদ শেষ হলে একই জমিতে আগাম জাতের কাঁকরোল, করলা, চিচিঙ্গা, ধুন্দল, বরবটি ও বেগুন চাষ করবেন আবুল কাশেম। একই মাচা ব্যবহার করে পরবর্তী ফসল ফলানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এতে নতুন করে মাচা তৈরির খরচও বাঁচবে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঝিনাইগাতীর সীমান্ত সড়ক থেকে প্রায় ৩০০ মিটার উত্তরে পাহাড়ের ঢাল ঘেঁষে বিস্তৃত গোমড়া গ্রাম। রাস্তার দুই পাশের জমি, পাহাড়ের ঢাল, বাড়ির আঙিনা ও উঠান—সবখানেই সবজির আবাদ। কেউ নিজের জমিতে, কেউ বর্গা নিয়ে চাষ করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জমি প্রস্তুত, চারা রোপণ, সেচ, আগাছা পরিষ্কার ও সবজি সংগ্রহের কাজ।
গ্রামের একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এখানকার মানুষ ধান চাষের ওপর নির্ভরশীল ছিলেন। কয়েকজন কৃষক ধানের পাশাপাশি সবজির চাষ শুরু করেন। তাতে ভালো ফলন ও লাভ পাওয়ায় অন্যরাও আগ্রহী হন। ধীরে ধীরে গ্রামের অনেকেই আগাম সবজির চাষ শুরু করেন। এই গ্রামে তিন শতাধিক পরিবার রয়েছে। প্রতিটি পরিবারই সবজি চাষের সঙ্গে যুক্ত। পরিবারের নারী-পুরুষ সবাই মিলে কাজ করেন।
স্থানীয় কিষানি রাবেয়া বেগম বলেন, ‘এখন সবাই শিম তুলতে ব্যস্ত। আরও দেড়-দুই মাস শিম তুলব। এরপর একই জমিতে কাঁকরোল ও চিচিঙ্গা লাগানো হবে। নতুন করে মাচা দেওয়ার দরকার হয় না। বাজারে নতুন সবজি উঠলে দাম বেশি পাওয়া যায়। খরচ বাদ দিয়ে লাভও ভালো থাকে। তাই আমরা অনেকটা প্রতিযোগিতা করেই আগাম সবজি চাষ করি।’
গ্রামের কৃষক মো. লাল মিয়া (৫০) এবার ৪০ শতাংশ জমিতে শিম চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। শুরুতে প্রতি কেজি শিম ১৮০ টাকা দরে বিক্রি করেছেন। দাম কমে গেলেও এ পর্যন্ত ৭০ থেকে ৮০ হাজার টাকার শিম বিক্রি করেছেন বলে জানান তিনি। কৃষিকাজের পাশাপাশি অবসর সময়ে গ্রামেই একটি ছোট চায়ের দোকান চালান লাল মিয়া।
একসময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মো. রুবেল মিয়া (৩৫)। তিন বছর আগে চাকরি ছেড়ে বাড়িতে ফিরে সবজি চাষ শুরু করেন। এখন তিনিও গ্রামের অন্য কৃষকদের মতো সারা বছর আগাম সবজি চাষ করেন।
রুবেল মিয়া বলেন, এ গ্রামের সবাই আগাম জাতের সবজি চাষ করেন। এতে ক্রেতাদের কাছে চাহিদা বেশি থাকে, দামও ভালো পাওয়া যায়। এখানকার সবজি সহজেই বিক্রি করা যায়। তাই বছরজুড়েই সবজির আবাদ চলে।
শুধু শিম নয়, গোমড়া গ্রামে সারা বছর নানা ধরনের সবজির আবাদ হয়। শিমের পর করলা, কাঁকরোল, চিচিঙ্গা, বরবটি, লাউ ও বেগুন চাষ করা হবে। এ ছাড়া আদা, মিষ্টিকুমড়া, চালকুমড়া, কলা, ঢ্যাঁড়স, ফুলকপি, পটোল, বাঁধাকপি, টমেটো, গাজর ও ধনেপাতার আবাদও করছেন কৃষকেরা।
সবজি বিক্রির জন্য গ্রামের কাছেই রয়েছে বাজার। পাশের সন্ধ্যাকুড়া ও হলদিগ্রাম এলাকার সীমান্ত সড়কে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত সবজির হাট বসে। মৌসুমের শুরুতে সবজি উঠলে স্থানীয় পাইকাররা অনেক সময় কৃষকদের বাড়ি থেকেই সবজি কিনে নেন। পরে ট্রাকে করে এসব সবজি ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করেন তাঁরা।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, অন্যান্য ফসলের তুলনায় আগাম সবজি চাষে লাভ বেশি। বিষয়টি বুঝতে পেরে গোমড়া গ্রামের ধনী-গরিব অনেকেই সবজি চাষে ঝুঁকেছেন। এখানকার সবজি স্থানীয় চাহিদা পূরণ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের আধুনিক পদ্ধতিতে সবজি চাষ ও রোগবালাই দমনের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
মোহাম্মদ ফরহাদ হোসেন আরও বলেন, গোমড়া গ্রামে সবজি চাষে কৃষকেরা যাতে সহজে জমিতে সেচ দিতে পারেন, সে জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিপিপি প্রকল্পের আওতায় সৌরবিদ্যুৎ–চালিত দুটি নলকূপ স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে।